ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ফেনী শহরের পল্লী বিদ্যুতের বিপরীতে পূর্বচন্দ্রপুর মেটালের সামনে এ ঘটনা ঘটে। ট্রাকটি মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পার্কিং করা ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সেখান থেকে একটি পেট্রলবোমা উদ্ধার করে তাঁরা পুলিশকে দেন।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন বলেন, আগুনে ট্রাকটির প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা পেট্রলবোমাটি পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মহাসড়কের পাশে ট্রাকে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক নুরুল আফছার। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা তাঁর জানা নেই।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফরিদ বলেন, ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ট্রাকের মালিক এখনো লিখিত অভিযোগ বা মামলা করেননি।
মোহাম্মদ ফরিদ আরও বলেন, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে দুজনকে দেখা গেছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত ট্রাকটি এখনো ঘটনাস্থলে রয়েছে।




