…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

খুলনার বন্ধ পাটকলে ফিরছে প্রাণ: পাটপণ্যের পাশাপাশি হচ্ছে খাদ্যপণ্য, ব্যাটারি ও ই-বাইক কারখানা

নিজস্ব প্রতিবেদক
খুলনার বন্ধ পাটকলে ফিরছে প্রাণ: পাটপণ্যের পাশাপাশি হচ্ছে খাদ্যপণ্য, ব্যাটারি ও ই-বাইক কারখানা
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে খুলনার শিল্পাঞ্চলে। বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় চালুর উদ্যোগে একদিকে শুরু হয়েছে পাটপণ্যের উৎপাদন, অন্যদিকে পুরোনো কারখানায় গড়ে উঠছে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান। পাটপণ্যের পাশাপাশি আটা-ময়দা, ডাল, ব্যাটারি ও ই-বাইক উৎপাদনের পরিকল্পনায় বাড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা।

সূত্র জানায়, কয়েক দশক ধরে খালিশপুর, দৌলতপুর, আটরা ও দিঘলিয়ায় অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন পাটকলগুলোর ওপর হাজার হাজার শ্রমিক নির্ভরশীল ছিলেন। এসব কারখানায় সুতা, হেসিয়ান (চট), বস্তা ও অন্যান্য পাটজাত পণ্য উৎপাদিত হতো; যা পুরো অঞ্চলের শ্রমিক ও ব্যবসায়ীদের জীবিকার উৎস ছিল। তবে ক্রমবর্ধমান লোকসান ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের কারণ দেখিয়ে ২০২০ সালের ১ জুলাই বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীন দেশের ২৫টি রাষ্ট্রীয় পাটকল বন্ধ করে দেওয়া হয়।

ইজারা দেওয়া পাটকলগুলোর কার্যক্রম পর্যালোচনায় দেখা যায়, যশোরের রাজঘাটের জেজেআই ও কার্পেটিং জুট মিল এবং খুলনার আটরা এলাকার ইস্টার্ন জুট মিলে পাটজাত পণ্য উৎপাদন চলছে। অন্যদিকে খালিশপুর জুট মিলের তিনটি ইউনিটের মধ্যে একটি ইউনিটে পাটপণ্য উৎপাদন শুরু হয়েছে। বাকি দুটি ইউনিটে চলছে অবকাঠামোগত উন্নয়ন ও প্রস্তুতিমূলক কাজ।

খালিশপুর জুট মিল ২০২৪ সালের ৪ জানুয়ারি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে ইজারা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির অধীনে রেডিয়েন্ট জুট মিলস লিমিটেডের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস লিড ও ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস কর্মকর্তা তাওহিদ ফারাজ জানান, চলতি অর্থবছরেই উৎপাদনে গেছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে সাত শতাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

বন্ধ কারখানায় আবার কাজের সুযোগ তৈরি হওয়ায় স্বস্তি ফিরেছে শ্রমিকদের জীবনে। খালিশপুর জুট মিলের নারী শ্রমিক কোহিনুর বেগম বলেন, মিল বন্ধ হয়ে যাওয়ার পর তাঁদের অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে। এখন মিল চালু হওয়ায় আবার কাজ করতে পারছেন। আয়-রোজগার হওয়ায় পরিবার নিয়ে ভালোভাবে বেঁচে থাকার সুযোগ তৈরি হয়েছে।

আকমল হোসেন নামের এক শ্রমিক জানান, মিল বন্ধের পর সংসার চালাতে অনেকে রিকশা চালিয়েছেন, কেউ ঠেলাগাড়িতে কাজ করেছেন। তারপরও পরিবারের প্রয়োজন মেটানো কঠিন ছিল। এখন আবার মিলে কাজের সুযোগ তৈরি হওয়ায় তাঁরা স্বস্তিতে রয়েছেন।

খালিশপুরের ক্রিসেন্ট জুট মিল ২০২৫ সালের ১৬ জুন ইজারা নেয় বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস। তবে সেখানে পাটজাত পণ্য উৎপাদনের পরিবর্তে আটা, ময়দা ও ডাল প্রক্রিয়াজাতকরণের জন্য যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক মো. শামীম জানান, কারখানায় প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং অন্যান্য প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে দুই মাসের মধ্যে উৎপাদনে যাওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি। সেখানে শতাধিক মানুষের কর্মসংস্থানের পরিকল্পনাও রয়েছে।

খুলনার ঐতিহ্যবাহী প্লাটিনাম জুবিলী জুট মিলেও আসছে বড় পরিবর্তন। ২০২৬ সালের ১৮ আগস্ট মিলটি ইজারা নেয় হ্যামকো গ্রুপ। এখানে ব্যাটারি, ম্যাট্রেস, বালিশ, ফোম এবং ই-বাইক তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

দিঘলিয়ার স্টার জুট মিল ২০২৬ সালের ১২ অক্টোবর প্রাণ গ্রুপের কাছে ইজারা দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে সংস্কারকাজ চলছে। তবে দৌলতপুর জুট মিল ২০২৩ সালের ২৪ আগস্ট ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি ইজারা নেয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে কারখানাটি লে-অফ রয়েছে। বর্তমানে সেখানে মাত্র ১৩ জন কর্মকর্তা-কর্মচারী থাকার তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কার্পেটিং জুট মিলে ৩৭৮ জন শ্রমিক এবং ২৫ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। ইস্টার্ন জুট মিলে কর্মরত রয়েছেন ৬০৫ শ্রমিক ও ২৫ কর্মকর্তা-কর্মচারী। ক্রিসেন্ট জুট মিলে ৫০ শ্রমিক ও ৬৪ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকার তথ্য পাওয়া গেছে। খালিশপুর জুট মিলের একটি ইউনিটেও উৎপাদন কার্যক্রমের সঙ্গে কয়েক শতাধিক মানুষের কর্মসংস্থানের কথা জানায় ইজারাদার প্রতিষ্ঠান।

বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ কারখানা চালু হওয়া, বিনিয়োগ আসা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়া নিঃসন্দেহে শিল্পাঞ্চলের জন্য ইতিবাচক। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, কোনো পাটকলের অবকাঠামোতে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেই ঐতিহ্যবাহী পাটশিল্প পুনরুজ্জীবিত হয়েছে, এমনটি বলা যায় না। কারণ, ব্যাটারি, ই-বাইক, ফোম, আটা-ময়দা কিংবা ডাল উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থান তৈরি হতে পারে; কিন্তু এতে পাটচাষি, পাট ব্যবসায়ী, পাটের বাজার এবং পাটজাত পণ্যের উৎপাদন কতটা উপকৃত হচ্ছে, সেগুলো আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।

খালিশপুর শিল্পাঞ্চল ঘিরে নতুন সম্ভাবনার কথা উল্লেখ করে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, ‘আশা করা হচ্ছে, দ্রুততম সময়ে খুলনার শিল্পাঞ্চলের কারখানাগুলো আবার আগের অবস্থায় ফিরে আসবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বন্ধ থাকা বেশ কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালু করা। ক্ষমতায় আসার ৯ মাসের মধ্যেই সরকার খুলনায় বন্ধ থাকা কয়েকটি পাটকল বেসরকারি উদ্যোক্তাদের কাছে ইজারা দিয়েছে।

বিজেএমসির তথ্য অনুযায়ী, দীর্ঘকাল বন্ধ থাকা তিনটি রাষ্ট্রীয় মালিকানাধীন পাটকল পুনরায় চালু করার লক্ষ্যে ২০২৬ সালের ১১ আগস্ট সরকার দুটি বেসরকারি ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে ইজারা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, প্রাণ-আরএফএল গ্রুপ সিরাজগঞ্জের ন্যাশনাল জুট মিলস এবং খুলনার স্টার জুট মিলসের দায়িত্ব পেয়েছে; অন্যদিকে, হ্যামকো গ্রুপ প্লাটিনাম জুবিলী জুট মিলসের দায়িত্ব নিয়েছে। এই তিনটি মিল পুরোপুরি চালু হলে অন্তত ১১ হাজার ৬২৯ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রায় ৬১৯ কোটি টাকার বিনিয়োগ আসবে এবং বার্ষিক সম্মিলিত টার্নওভার দাঁড়াবে প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকায়।

বিজেএমসির কর্মকর্তারা জানান, তাঁদের অধীন বন্ধ হয়ে যাওয়া ২৫টি মিলের মধ্যে ২০টিকে বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা দেওয়ার মাধ্যমে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন পর্যন্ত ১৪টি মিলের ইজারাপ্রক্রিয়া সম্পন্ন করে ইজারাদারদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

পরিচিতের কণ্ঠ নকল করে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিল প্রতারকেরা, বাড়ছে সাইবার অপরাধ
অর্থনীতি ও ব্যবসা

পরিচিতের কণ্ঠ নকল করে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিল প্রতারকেরা, বাড়ছে সাইবার অপরাধ

খুলনার এক ব্যবসায়ী হোয়াটসঅ্যাপে পরিচিত একজনের কণ্ঠে পুরোনো শিল্পকারখানার যন্ত্রপাতি কেনার প্রস্তাব পান। কণ্ঠস্বর ও কথাবার্তায় সন্দেহ না হওয়ায় তিন…

অর্থনীতি ও ব্যবসা

এসএমই মেলায় সেরা স্টলের পুরস্কার পেল হাসিনা মুক্তার ফ্যাশন ব্র্যান্ড ‘নতুনত্ব’

জাতীয় পুরস্কারজয়ী নারী উদ্যোক্তা হাসিনা মুক্তার ফ্যাশন ব্র্যান্ড ‘নতুনত্ব’ এবারের এসএমই মেলায় সেরা স্টলের স্বীকৃতি পেয়েছে।…

নতুন আইনের খসড়ায় কুমিরের মাংস ও হরিণের চামড়া রপ্তানির পথ, বিশেষজ্ঞদের আপত্তি
অর্থনীতি ও ব্যবসা

নতুন আইনের খসড়ায় কুমিরের মাংস ও হরিণের চামড়া রপ্তানির পথ, বিশেষজ্ঞদের আপত্তি

বন্য প্রাণীর বাণিজ্যিক খামার স্থাপন এবং কুমিরের মাংস, হরিণের চামড়াসহ বন্য প্রাণিজাত পণ্য উৎপাদন নিয়ন্ত্রণে নতুন আইন করতে যাচ্ছে প্রাণিসম্পদ মন্ত্রণা…

অর্থনীতি ও ব্যবসা

এলএনজি আমদানিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, বাতিল হয়েছে ৫৫ কার্গো: এনার্জি কনফারেন্সে তিতুমীর

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশের জন্য নির্ধারিত ৫৫টি তরল…