ঠাকুরগাঁওয়ের হরিপুরে গাছ লাগানো থেকে গণপাঠাগার: তরুণদের সংগঠন ‘অক্সিজেন’-এর নয় বছরের পথচলা

ঠাকুরগাঁওয়ের হরিপুরের একদল তরুণ মনে করেন, সমাজকে বাঁচিয়ে রাখতে দরকার ইতিবাচক চিন্তা, মানবিকতা আর সম্মিলিত উদ্যোগ। সেই বিশ্বাস থেকে তাঁরা গড়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘অক্সিজেন’। একসময় সড়কের পাশে গাছের চারা রোপণই ছিল এই তরুণদের প্রধান কাজ; সেই উদ্যোগ এখন ছড়িয়েছে শিক্ষা, পরিবেশ, কর্মসংস্থান ও মানবিক সহায়তায়।
২০১৭ সালে সীমান্তবর্তী উপজেলা হরিপুরের পূর্ব তোররা গ্রামের তরুণ মোজাহেদুর ইসলামকে নাড়া দেয় এলাকার গাছ কাটার দৃশ্য। বন্ধু মো. সাইদুজ্জামান, জুলফিকার আলী, সাহিনুর আক্তারসহ কয়েকজনকে নিয়ে তিনি সড়ক ও পতিত জমিতে ফলদ ও বনজ গাছের চারা লাগাতে শুরু করেন। তখন তাঁরা স্নাতক পর্যায়ে পড়ছিলেন।
কাজ করতে করতে এই তরুণেরা বোঝেন, বিচ্ছিন্নভাবে গাছ লাগানোর চেয়ে সংগঠিত উদ্যোগে দীর্ঘমেয়াদি কাজ বেশি কার্যকর। সেই ভাবনা থেকে ওই বছরের ২৬ মার্চ গড়ে ওঠে ‘অক্সিজেন’। প্রতিষ্ঠাতা সদস্য মোজাহেদুর ইসলাম এখন সংগঠনের সভাপতি। সংগঠনে স্বেচ্ছাসেবী আছেন ৭৫ জন।
সংগঠনের উদ্যোক্তারা জানান, প্রথমে হরিপুরের সাতাহাজেরা গ্রামের একটি বাড়িতে শিশুদের জন্য নৈশকালীন পাঠদান শুরু হয়। এরপর একে একে যুক্ত হয় নতুন কর্মসূচি।
সীমান্তবর্তী পিছিয়ে থাকা হরিপুরে একসময় গণপাঠাগার ছিল না। ২০২০ সালের ২৬ মার্চ সদস্যরা উদ্যোগ নেন ‘অক্সিজেন জ্ঞানসমৃদ্ধ কেন্দ্র’ গড়ার। শুরুতে ভ্রাম্যমাণ ভ্যানে অল্প কিছু বই নিয়ে তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতেন। ওই বছরের নভেম্বরে স্থানীয় বটতলি বাজার এলাকায় একটি ভাড়া করা ঘরে গড়ে ওঠে স্থায়ী পাঠাগার, যেখানে রয়েছে কয়েক হাজার বই। আছে ল্যাপটপ ও ইন্টারনেটের সুবিধা এবং শিশুদের জন্য আলাদা কর্নার। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন পাঠক এখানে আসেন। স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি বইও পৌঁছে দেন।
হরিপুর পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান গণপাঠাগারে নিয়মিত আসে। সে বলল, স্কুলের সময়ের পর পাঠাগারে এসে বই পড়ে; বাড়িতে থাকা কলেজপড়ুয়া বড় বোনের জন্যও এখান থেকে বই নিয়ে যায়। অক্সিজেনের স্বেচ্ছাসেবক অজয় রায় জানান, পাঠাগারে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য একাডেমিক পাঠ্যসূচির বই রাখার পরিকল্পনাও আছে।
হরিপুরের গ্রামীণ সড়কের দুই পাশে এখন সারি সারি কৃষ্ণচূড়া। হরিপুর উপজেলা সদর, কালিয়াগঞ্জ, বীরগড়, মালিগাঁওসহ কয়েকটি এলাকায় ‘মিশন লাল-সবুজ’ কর্মসূচিতে চার হাজার কৃষ্ণচূড়াগাছ লাগিয়েছেন অক্সিজেনের সদস্যরা। এর মধ্যে টিকে আছে প্রায় তিন হাজার গাছ। রোপণ করা হয়েছে এক হাজার নিমগাছসহ অর্জুন, বহেড়া, আমলকী, ছাতিম ও তেঁতুলগাছ। স্বেচ্ছাসেবীরা পালা করে এসব গাছের পরিচর্যা করেন।
এ ছাড়া বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্য নিয়ে সড়ক, ফসলের মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার তালবীজ বপন করেছেন তাঁরা। হরিপুরের আটটি স্কুল-কলেজে গড়া হয়েছে ভেষজ উদ্ভিদের বাগান। এসব বাগানে নিম, তুলসী, বাসক, চিরতা, তোকমা, শতমূলী, সর্পগন্ধা, ঘৃতকুমারী, শজনেসহ নানা প্রজাতির গাছ লাগানো হয়েছে।
হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফয়েজ মোহাম্মদ জামান বলেন, গাছসমৃদ্ধ সড়কগুলো পর্যটক ও পথচারীদের আকৃষ্ট করে। এটি অনন্য এক উদ্যোগ; পরিবেশের স্বার্থে এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়া প্রয়োজন।
২০২০ সাল থেকে এ পর্যন্ত অক্সিজেনের পক্ষ থেকে ২ জনকে মুদিদোকান তৈরিতে সহায়তা, ৫ জনকে ব্যাটারিচালিত ভ্যান এবং ১২ জন নারীকে প্রশিক্ষণসহ সেলাই মেশিন দেওয়া হয়েছে। ১১৫টি পরিবার পেয়েছে হাঁস-মুরগি, ১০ জন পেয়েছেন গরু আর ২৫ জন নারী ছাগল পেয়েছেন। ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং ৪২টি পরিবারে নলকূপ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ হাজার ২০০ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, আড়াই হাজার মানুষকে এক বেলার খাবার এবং ৩ হাজার ৭০০ শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়েছে।
কারিগাঁও গ্রামের ইসমাইল হোসেনের ভ্যান নষ্ট হয়ে গেলে তাঁর আয়ের পথ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, একদিন কয়েকজন ছেলেমেয়ে বাড়িতে আসেন, পরে তাঁরা তাঁকে একটি রিকশাভ্যান কিনে দেন; এখন সেটি চালিয়ে সংসার চালাচ্ছেন। সেলাই মেশিন পেয়েছেন হরিপুর গ্রামের ইয়াসমিন আক্তার। তাঁর ভাষ্য, কাপড় সেলাই করে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা আয় করেন; এই টাকা দিয়ে দুই ছেলেকে পড়াশোনা করাতে পারছেন।
এসবের খরচ সম্পর্কে স্বেচ্ছাসেবীরা জানান, শুরুতে নিজেদের টাকাতেই চলত কার্যক্রম। এখন আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতরা সহায়তা করেন। দূরের কেউ সহায়তা করতে চাইলে তাঁকে সরাসরি অসহায় পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়।
জাতীয় যুব দিবস উপলক্ষে ১ নভেম্বর অক্সিজেনের সভাপতি মোজাহেদুর ইসলাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেয়েছেন। তিনি বলেন, শুরুটা সহজ ছিল না; স্থানীয় অনেকেই প্রথমে তাঁদের কাজকে কটাক্ষ করতেন, কিন্তু তাঁরা থেমে যাননি।
হরিপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন মনে করেন, তরুণদের এমন উদ্যোগ সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। গত মঙ্গলবার অক্সিজেন জ্ঞানসমৃদ্ধ কেন্দ্র পরিদর্শন করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। তিনি বলেন, অক্সিজেনের কর্মী বাহিনী সীমান্তবর্তী হরিপুরের জন্য একটি রোলমডেল; সংগঠনটির তরুণেরা বার্তা দিচ্ছেন—সমাজ বদলাতে সব সময় বড় আয়োজনের প্রয়োজন হয় না, প্রয়োজন সদিচ্ছা, সম্মিলিত উদ্যোগ আর মানুষের জন্য কিছু করার মানসিকতা।




