বাগদাদের বাতাস দুর্যোগপূর্ণ ৬৩৭ স্কোরে, ঢাকার ১৫৮ স্কোর সবার জন্য অস্বাস্থ্যকর

শীতের মৌসুম আসতে শুরু করলেই দূষণের মাত্রা অত্যধিক বেড়ে যায়। আজ রোববার (২৯ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তালিকার শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ। শহরটির স্কোর ৬৩৭, অর্থাৎ সেখানকার বাতাস দুর্যোগপূর্ণ অবস্থায় আছে।
অন্যদিকে তালিকার দশম স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার স্কোর ১৫৮, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
রিয়েল-টাইম একিউআই স্টেশন র্যাংকিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা সবার জন্য অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ১৮৩, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
র্যাংকিং তালিকায় ঢাকার আরও যেসব এলাকা রয়েছে, সেগুলো হলো গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বাড্ডার প্রগতি সরণি, বারিধারা পার্ক রোড, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, বারিধারা লেকসাইড, পুরান ঢাকার বেচারাম দেউড়ি ও ইস্টার্ন হাউজিং।
আইকিউএয়ারের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো পাকিস্তানের লাহোর (৪৫৬, দুর্যোগপূর্ণ), মিশরের কায়রো (৩৪৯, দুর্যোগপূর্ণ), ভারতের দিল্লি (২৬২, খুব অস্বাস্থ্যকর) ও উগান্ডার কামপালা (১৭০, সবার জন্য অস্বাস্থ্যকর)।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।
এমন পরিস্থিতিতে অত্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর—শিশু, বয়স্ক, হৃদ্রোগ বা শ্বাসকষ্টের রোগীদের—ঘরের বাইরে না যাওয়াই ভালো বলে পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ সুস্থ ব্যক্তিদের উচিত বাইরে কাটানো সময় সীমিত করা এবং শারীরিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলা।
যদি বাইরে বের হতে হয়, তবে অবশ্যই দূষণ রোধে কার্যকর মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। ঘরের ভেতরের বাতাস পরিষ্কার রাখতে এয়ার পিউরিফায়ার ব্যবহার এবং দূষিত বাতাস প্রবেশ ঠেকাতে জানালা ও দরজা বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।




