ক্রিসমাস দ্বীপে বন ছেড়ে সমুদ্রের পথে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা

ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ ক্রিসমাস আইল্যান্ডে শুরু হয়েছে লাল কাঁকড়াদের বার্ষিক দলবদ্ধ যাত্রা। অস্ট্রেলিয়ার এই দ্বীপের বনজঙ্গল ছেড়ে কোটি কোটি কাঁকড়া রওনা হয়েছে সমুদ্রের দিকে। এই যাত্রায় দ্বীপের পথঘাট, সড়ক এমনকি সেতুও ঢেকে যায় কাঁকড়ায়, দেখে মনে হয় যেন লাল রঙের বিশাল এক নদী বয়ে যাচ্ছে।
কাঁকড়াগুলোর নাম ক্রিসমাস আইল্যান্ড রেড ক্র্যাব। এরা সাধারণত দ্বীপের বনাঞ্চলে থাকে। কিন্তু প্রজননের সময় হলে এদের যেতে হয় সমুদ্রের কাছে। সেখানে পৌঁছে পুরুষ ও স্ত্রী কাঁকড়া মিলিত হয় এবং স্ত্রী কাঁকড়া ডিম ছাড়ে। এই কাজের জন্যই প্রতিবছর এরা এই দীর্ঘ যাত্রা শুরু করে।
সাধারণত বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টির পর কাঁকড়াদের যাত্রা শুরু হয়। বেশির ভাগ সময় অক্টোবর বা নভেম্বর মাসে বৃষ্টি নামে, তবে কখনো কখনো ডিসেম্বর কিংবা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রথম বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে দ্বীপের নানা জায়গা থেকে লাল কাঁকড়ারা নিজেদের গর্ত ছেড়ে বেরিয়ে আসে, তারপর শুরু হয় সমুদ্রের পথে অভিযান।
এই অভিযানে প্রথমে রওনা হয় পুরুষ কাঁকড়ারা। স্ত্রী কাঁকড়ারা পরে পথে তাদের সঙ্গে যোগ দেয়। প্রতিটি কাঁকড়ার আকার প্রায় একটি কোমল পানীয়ের ক্যানের সমান। কোটি কোটি কাঁকড়া একই দিকে চলতে থাকায় দ্বীপের বিস্তীর্ণ এলাকা লাল রঙে ঢেকে যায়।
কাঁকড়াদের যাত্রার সময় শুধু বৃষ্টির ওপর নির্ভর করে না, এর সঙ্গে জড়িয়ে আছে চাঁদের হিসাবও। ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্কের তথ্য অনুযায়ী, চাঁদের বিভিন্ন দশার ওপর নির্ভর করে কাঁকড়াদের যাত্রার গতি ও সময় ঠিক হয়। পার্কের কর্মীদের ভাষ্য, লাল কাঁকড়ারা চাঁদের শেষ চতুর্থাংশের সময় ভাটার দিকে নামতে থাকা জোয়ারে, ভোর হওয়ার আগেই ডিম ছাড়ে।
বৃষ্টি আর ডিম ছাড়ার উপযুক্ত সময়ের মিলের ওপর যাত্রার ধরনও বদলায়। বৃষ্টি যদি উপযুক্ত সময়ের কাছাকাছি শুরু হয়, কাঁকড়ারা খুব দ্রুত সমুদ্রের দিকে ছুটতে থাকে। বৃষ্টি কিছুটা আগেই নামলে তাদের তেমন তাড়া থাকে না, পথে থেমে খাবার খায়, পানি পান করে, তারপর আবার যাত্রা শুরু করে। আর বৃষ্টি এত দেরিতে নামলে যে নির্দিষ্ট সময়ে ডিম ছাড়ার সুযোগ থাকে না, কিছু কাঁকড়া নিজেদের গর্তেই থেকে যায় এবং পরের মাসে আবার যাত্রা শুরু করে।
ক্রিসমাস আইল্যান্ডের প্রস্থ প্রায় ১২ মাইল। এই ছোট্ট দ্বীপজুড়ে বনাঞ্চল থেকে সমুদ্র পর্যন্ত কাঁকড়াদের অভিযান শেষ হতে প্রায় নয় দিন সময় লাগে। এতগুলো কাঁকড়া একসঙ্গে চলতে থাকায় রাস্তা পার হওয়া থেকে শুরু করে মানুষের স্বাভাবিক চলাচল পর্যন্ত সবকিছুতেই প্রভাব পড়ে।
২০০৮ সালে প্রকৃতিবিদ ও তথ্যচিত্র নির্মাতা স্যার ডেভিড অ্যাটেনবরো এই বার্ষিক কাঁকড়া অভিযানকে তাঁর টেলিভিশন জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বর্ণনা করেছিলেন।
দ্বীপে না গিয়েও এই দৃশ্য দেখার ব্যবস্থা করছে পার্কস অস্ট্রেলিয়া। আগামী কয়েক দিন কাঁকড়াদের যাত্রা সরাসরি সম্প্রচার করা হবে, প্রতিটি সম্প্রচার হবে প্রায় ৬০ মিনিটের। তবে কখন সম্প্রচার শুরু হবে, তা আগে থেকে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারণ কাঁকড়ারা কখন সেতু পার হবে, তা পুরোপুরি তাদের চলাচলের ওপর নির্ভর করে। পার্ক কর্তৃপক্ষ সকালে সরাসরি সম্প্রচারের চেষ্টা করবে বলে জানিয়েছে।
যে সেতু থেকে এই দৃশ্য ধারণ করা হবে, তার নাম রেড ক্র্যাব ব্রিজ। ব্যস্ত সড়ক পার হওয়ার সময় কাঁকড়াদের নিরাপদ চলাচলের সুযোগ করে দিতে তৈরি সেতুটি প্রায় ১৬ ফুট উঁচু। কাঁকড়াদের দল এই সেতু দিয়ে তিন থেকে চার দিন ধরে চলাচল করবে।




