জাজিরায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়ক অবরোধ, বিএনপির ক্যাম্পে হামলা-অগ্নিসংযোগ; ৪৫ মিনিট বন্ধ ছিল পদ্মা সেতু
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা গোলচত্বর এলাকায়, সেতুর টোল প্লাজা থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। অবরোধ চলাকালে বিএনপির একটি অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাঙচুর এবং সেখানে থাকা কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
আকস্মিক ককটেল বিস্ফোরণের বিকট শব্দে নাওডোবা গোলচত্বর ও এর আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবরোধের জেরে পদ্মা সেতু এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল পুরোপুরি থমকে যায়।
সেতু ও সংযোগ সড়কের বিভিন্ন স্থানে আটকা পড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
পরে টোল প্লাজা এলাকায় অবস্থান নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় প্রায় ৪৫ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, লকডাউন কর্মসূচিকে ঘিরে আগের রাত থেকেই নাওডোবা গোলচত্বরসংলগ্ন মহাসড়কের পাশে কাপড়ের অস্থায়ী প্যান্ডেল টানিয়ে একটি ক্যাম্প স্থাপন করেছিলেন বিএনপির নেতাকর্মীরা। রাতভর তাঁরা ওই ক্যাম্পেই অবস্থান করছিলেন।
অপরদিকে রবিবার ভোরে জাজিরার বিকেনগর দিক থেকে মিছিল সহকারে নাওডোবা গোলচত্বরের দিকে অগ্রসর হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী।
গোলচত্বর এলাকায় পৌঁছেই মিছিলকারীরা উপর্যুপরি ককটেল বিস্ফোরণ ঘটান এবং মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল আটকে দেন। এ সময় অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে অস্থায়ী ক্যাম্প ছেড়ে নিরাপদ স্থানে সরে যান বিএনপির নেতাকর্মীরা।
এর পরপরই বিক্ষোভকারীরা ওই ক্যাম্পে চড়াও হয়ে প্যান্ডেল ও ভেতরের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন এবং সেখানে রাখা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। তবে এই ভাঙচুর ও অগ্নিসংযোগে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানিয়েছেন, পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে—এমন আশঙ্কায় পুলিশ সারা রাত দায়িত্ব পালন করেছে এবং পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন ছিল। তবে রবিবার সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। তাদের প্রতিহত করা সম্ভব হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ করেছেন পরিবহন মালিকেরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গোপালগঞ্জ হয়ে বাস চলবে না। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় পদ্মা সেতু হয়ে চলাচলকারী অধিকাংশ পরিবহন টিকিট বিক্রিও বন্ধ রেখেছে।
খুলনা ইমাদ পরিবহনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাদের একটি বাস বিকেলে পথে আটকা পড়েছিল। তবে বাসটির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ পথে আবার কবে বাস চলাচল শুরু হবে, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি।
খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ব্যবস্থাপক মো. কাদের জানান, শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে তাদের বাস চলাচল করেছে। তবে সন্ধ্যার পরের পরিস্থিতি বিবেচনা করে এ পথে বাস চালানো হবে কি না, সিদ্ধান্ত জানানো হবে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান সন্ধ্যা পৌনে ৬টার দিকে বলেন, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলবে। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। তিনি বলেন, ‘এ বিষয়ে একটি সভা ডাকা হয়েছে। আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলবে না।’
এর আগে গত ১৮ নভেম্বর গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের শিডিউল বাতিল করেছিলেন খুলনার পরিবহন মালিকেরা।
এদিকে আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গত শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জের পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেন দলটির কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।

