মানিকগঞ্জে আমনের আবাদ ছাড়াল লক্ষ্যমাত্রা, ভালো ফলনেও লাভ নিয়ে সংশয়ে কৃষক

মানিকগঞ্জের মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। কোথাও চলছে পাকা ধান কাটা, কোথাও মাড়াইয়ের ব্যস্ততা, কৃষকের ঘরে উঠছে নতুন ফসল। অনুকূল আবহাওয়া ও কৃষকের পরিশ্রমে এবার জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। কিন্তু ফলন ভালো হলেও শ্রমিকের মজুরি, উৎপাদন খরচ ও বাজারদরের চাপে কাঙ্ক্ষিত লাভের মুখ দেখার নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন কৃষকেরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলার সাত উপজেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ৩০০ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ১৫ হাজার ৮৯৭ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৫৯৭ হেক্টর বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। ২৬ নভেম্বর পর্যন্ত ধান কাটা হয়েছে ১০ হাজার ১৫ হেক্টর জমির। সে হিসাবে আবাদ হওয়া জমির প্রায় ৬৩ শতাংশের ধান কাটা শেষ হয়েছে। এ মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৮৭১ টন।
জেলার আমন আবাদে এবার বিশেষ চিত্র দেখা গেছে হরিরামপুর উপজেলায়। এখানে রোপা আমনের পাশাপাশি বোনা আমনের আবাদও হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। গত মৌসুমে দুই ধরনের আমন মিলিয়ে আবাদ হয়েছিল ২ হাজার ৪০০ হেক্টর জমিতে। এবার লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬০০ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ৩ হাজার ৩০০ হেক্টর জমিতে। এর মধ্যে বোনা আমন ৩ হাজার ২৫০ হেক্টর এবং রোপা আমন ৫০ হেক্টর। এক বছরের ব্যবধানে উপজেলায় আমনের আবাদ বেড়েছে ৯০০ হেক্টর।
তবে আবাদ ও ফলন বাড়লেও কৃষকের আয় বাড়ছে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। হরিরামপুরের গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের কৃষক মোতাহার জানান, বোনা আমনে চাষের খরচ তুলনামূলক কম হলেও ধান কাটা ও মাড়াইয়ের সময় শ্রমিকের পেছনে বড় অঙ্কের টাকা ব্যয় করতে হয়। অন্যদিকে বাজারে ধানের দামও প্রত্যাশা অনুযায়ী নয়। ফলে ভালো ফলন হলেও সব খরচ বাদ দিয়ে হাতে কতটা থাকবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
একই উপজেলার বল্লা ইউনিয়নের শিকদারপাড়া গ্রামের কৃষক খন্দকার মিজানুর রহমান ছয় বিঘা জমিতে আমন আবাদ করেছেন। তাঁর হিসাবে, ভালো ফলন হলে প্রতি বিঘায় আট থেকে নয় মণ ধান পাওয়া যেতে পারে। ফলন কম হলে তা পাঁচ থেকে ছয় মণে নেমে আসতে পারে। বর্তমান বাজারদরে প্রতি বিঘার ধান বিক্রি করে আট থেকে নয় হাজার টাকা পাওয়া যেতে পারে। এর মধ্যে ধান কাটা ও শ্রমিকের পেছনেই খরচ হয় প্রায় ছয় হাজার টাকা। ফলে শুধু এই খরচ বাদ দিলে অবশিষ্ট থাকে দুই থেকে তিন হাজার টাকা। এর বাইরে চাষাবাদের অন্যান্য খরচও রয়েছে। খড় বিক্রি করতে পারলে কিছুটা বাড়তি অর্থ পাওয়া যায়। সব মিলিয়ে ভালো ফলন সত্ত্বেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন বলে জানান তিনি।
ঘিওর উপজেলার উভাজানী গ্রামের কৃষক রতন দেওয়ান এবার পাঁচ বিঘা জমিতে আমন আবাদ করেছেন। তাঁর আশা, জমি থেকে প্রায় ৪০ মণ ধান পাবেন। ফলন নিয়ে আশাবাদী হলেও ধানের বাজারদর ও শ্রমিকের খরচের হিসাব মিলিয়েই শেষ পর্যন্ত লাভের পরিমাণ নির্ধারিত হবে বলে জানান তিনি।
এদিকে দৌলতপুর উপজেলায় ব্রি ধান-১০৩-এর একটি প্রদর্শনী প্লটে ভালো ফলনের নজির পাওয়া গেছে। ২০ বর্গমিটারের ওই প্লট থেকে ১২ দশমিক ৬১ কেজি ধান পাওয়া গেছে। হিসাব অনুযায়ী, যা হেক্টরপ্রতি ৬ দশমিক ৩০৫ টন ফলনের সমতুল্য। তবে এটি প্রদর্শনী প্লটের ফলন; জেলার সামগ্রিক উৎপাদনের গড় হিসেবে একে বিবেচনা করার সুযোগ নেই।
হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমনের ফলন ভালো হয়েছে। কৃষকদের মধ্যে উচ্চফলনশীল জাতের বীজ ও সার বিতরণের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষকের পরিচর্যা ফলন বাড়াতে ভূমিকা রেখেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ বলেন, জেলার সাতটি উপজেলাতেই রোপা আমনের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে।
একসময় নতুন ধান ঘরে তোলাকে ঘিরে গ্রামবাংলায় শুরু হতো নবান্ন উৎসব। নতুন চাল, পিঠাপুলি, আত্মীয়স্বজনের আনাগোনা আর লোকজ আয়োজনে মুখর হয়ে উঠত গ্রাম। সময়ের পরিবর্তনে সেই উৎসবের আয়োজন ও সামাজিক অনুষঙ্গ অনেকটাই ম্লান হয়ে গেছে। এখনো মাঠে ধান পাকে, গোলায় ওঠে নতুন ফসল; কিন্তু উৎপাদনের পরিসংখ্যানে সমৃদ্ধির চিত্র ফুটে উঠলেও কৃষকের আয়-ব্যয়ের হিসাব বলছে ভিন্ন কথা।




