ইউপি নির্বাচন পাঁচ ধাপে, প্রথম ধাপ জানুয়ারিতে: দলগুলোর সঙ্গে সংলাপে সিইসি বললেন, ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই
নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতির বাইরে নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। স্বচ্ছতা বজায় রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, মাঠে ফাউল করার জন্য যাতে কেউ না থাকে, সেজন্য ইসি রেফারির ভূমিকায় থাকবে।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপে এ কথা বলেন তিনি।
গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন অত্যন্ত জরুরি অভিহিত করে সিইসি মন্তব্য করেন, উন্নত বিশ্বে নির্বাচনের আগে ফ্রি, ফেয়ার, ইকুইটেবল ও নিউট্রাল-এর মতো বিশেষণ ব্যবহারের রীতি না থাকলেও বাংলাদেশে তা উল্লেখ করতে হয়। ভোটাররা নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরবেন, এটাই নির্বাচনের আসল অর্থ। রাজনৈতিক দলগুলোর সহায়তায় এমন বিশেষণমুক্ত প্রকৃত নির্বাচন নিশ্চিত করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলগুলোসহ সব অংশীজনের সহযোগিতার কারণেই কোনো ধরনের সহিংসতা ছাড়াই একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছিল, যার প্রশংসা দেশি-বিদেশি পর্যবেক্ষকরাও করেছেন।
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে এএমএম নাসির উদ্দিন জানান, গ্রামাঞ্চলের কোটি কোটি মানুষ ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন সেবা পেয়ে থাকেন। কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বর্তমানে তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা গণমাধ্যমেও নিয়মিত প্রকাশিত হচ্ছে। এ কারণেই ইউনিয়ন পরিষদ ভোটের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করতে চায় কমিশন।
দেশে প্রায় ৪ হাজার ৫১৮টি ইউনিয়ন পরিষদ থাকায় একসঙ্গে না করে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আগামী জানুয়ারিতে প্রথম ধাপের নির্বাচন শুরু হবে বলে জানান সিইসি।
আসন্ন ইউপি নির্বাচন দলীয় প্রতীকে হবে না বলে স্পষ্ট করে সিইসি জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ইসির নির্ধারিত স্থানীয় সরকার নির্বাচনের প্রতীকে লড়বেন। তবে দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে রাজনৈতিক দলের সমর্থন ও পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত প্রার্থীরা মাঠে থাকবেন।
এলাকায় জাতীয় পর্যায়ের নেতাদের প্রভাব ও প্রতিপত্তি থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ঐতিহাসিকভাবে স্থানীয় সরকার নির্বাচনে প্রচুর সহিংসতা ও নানা ধরনের চ্যালেঞ্জ দেখা দেয়। নির্বাচনে কী কী চ্যালেঞ্জ আসতে পারে তা আগে থেকে ধারণা করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, মাঠের বাস্তবতা সবারই জানা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন কঠিন। তাই সবাইকে নিয়ে সম্মিলিতভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সবার সহযোগিতা চান তিনি।
এই সংলাপে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. আবদুল মমিন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দিনের এ আলোচনায় ১৫টি দলের প্রতিনিধিরা অংশ নেন। দলগুলো হলো জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।




