…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

গোয়ায় আইএফএফআইয়ের পর্দা নামল, সেরা ছবি পর্তুগিজ ‘আকি’

নিজস্ব প্রতিবেদক

ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) ২০২৬-এর পর্দা নেমেছে। এবারের উৎসবে সেরা চলচ্চিত্রের সম্মানজনক ‘গোল্ডেন পিকক’ পুরস্কার জিতেছে পর্তুগিজ নির্মাতা তিয়াগো গেদেস পরিচালিত সিনেমা ‘আকি’।

শনিবার (২৮ নভেম্বর) ভারতের গোয়ায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নয় দিনব্যাপী এই আয়োজনের সমাপনীতে বিভিন্ন দেশের নির্মাতা ও শিল্পীদের কাজের স্বীকৃতি দেওয়া হয়।

ভারতীয় সিনেমার বিভাগে সেরা নবাগত পরিচালক নির্বাচিত হয়েছেন ড. বিশাল চতুর্বেদী। তাঁর পরিচালিত ‘হনুমান অংশ’ সিনেমার জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

বিশাল চতুর্বেদীর ‘হনুমান অংশ’ সিনেমাটি নিম করোলি বাবার জীবন ও দর্শনকে কেন্দ্র করে নির্মিত। আবেগনির্ভর গল্পের মধ্য দিয়ে এতে বিশ্বাস, সংস্কৃতি ও সংগীতের সমন্বয় ঘটানো হয়েছে। সিনেমাটির সরল উপস্থাপনার প্রশংসা করেছে জুরি বোর্ড; তাদের মতে, ভালো গল্প বলার জন্য বড় বাজেট কিংবা অত্যাধুনিক বিশেষ দৃশ্যপ্রযুক্তির প্রয়োজন হয় না, বরং সিনেমাটির সরলতাই এর অন্যতম শক্তি।

ওয়েব সিরিজ বিভাগে সেরা হয়েছে ‘মেড ইন ইন্ডিয়া: আ টাইটান স্টোরি’। ছয় পর্বের এই হিন্দি ডকুড্রামা পরিচালনা করেছেন রব্বি গ্রেওয়াল, তৈরি করেছেন প্রভলীন সান্ধু এবং প্রযোজনা করেছে আলমাইটি মোশন পিকচার।

সিরিজটি ভিনয় কামাথের লেখা ‘টাইটান: ইনসাইড ইন্ডিয়াস মোস্ট সাকসেসফুল কনজিউমার ব্র্যান্ড’ বই অবলম্বনে নির্মিত। এতে ভারতের অন্যতম সফল ভোক্তাপণ্য ব্র্যান্ড টাইটানের উত্থান এবং এর পেছনের পরিকল্পনা ও দূরদর্শিতার গল্প তুলে ধরা হয়েছে। সিরিজটিতে জেরক্সেস দেশাইয়ের চরিত্রে অভিনয় করেছেন জিম সার্ভ এবং জেআরডি টাটার চরিত্রে দেখা গেছে নাসিরুদ্দিন শাহকে।

আন্তর্জাতিক বিভাগে ‘ভিজিটেশেন’ সিনেমার জন্য সেরা পরিচালকের ‘সিলভার পিকক’ পুরস্কার জিতেছেন জার্মান নির্মাতা ভলকার শ্লন্ডর্ফ।

‘কান্তারা: আ লেজেন্ড – চ্যাপ্টার ১’ সিনেমাতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ঋষভ শেঠি। সিনেমাটি উৎসবে বিশেষ উল্লেখও পেয়েছে। অন্যদিকে, ‘দ্য মেল্টডাউন’ সিনেমাতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন মায়া ও’রুর্ক।

এবারের উৎসবে বিশ্বাস, সংস্কৃতি, উদ্যোক্তা উদ্যোগ এবং ভারতের শিল্প-অর্থনৈতিক অগ্রযাত্রার গল্পগুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব কনটেন্টের সাফল্যও এবারের উৎসবে বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

বলিউডের গানে ভাষার গভীরতা কমছে, বললেন জাভেদ আখতার

বলিউডের সমসাময়িক গানের কথা ও ভাষার মান নিয়ে মন্তব্য করেছেন বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। তাঁর মতে, বর্তমান সময়ের জনপ্রিয় গানগুলো …

এক দশকের যাত্রা শেষে ভেঙে যাচ্ছে রক ব্যান্ড বাংলা ফাইভ, বিদায়ের আগে ছয়-সাতটি কনসার্ট
বিনোদন

এক দশকের যাত্রা শেষে ভেঙে যাচ্ছে রক ব্যান্ড বাংলা ফাইভ, বিদায়ের আগে ছয়-সাতটি কনসার্ট

এক দশকের সংগীতযাত্রার ইতি টানার ঘোষণা দিয়েছে রক ব্যান্ড বাংলা ফাইভ। গতকাল সোশ্যাল মিডিয়ায় ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ছয় মাস পর আনুষ্…

সড়ক দুর্ঘটনার ট্রমা কাটিয়ে ‘চক্র’ সিরিজ দিয়ে অভিনয়ে ফিরলেন মেঘলা মুক্তা
বিনোদন

সড়ক দুর্ঘটনার ট্রমা কাটিয়ে ‘চক্র’ সিরিজ দিয়ে অভিনয়ে ফিরলেন মেঘলা মুক্তা

গত জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন অভিনেত্রী মেঘলা মুক্তা। দুর্ঘটনার ধাক্কায় তৈরি ট্রমা আর চেহারায় আঘাতের কারণে অভিনয়ে ফেরা নিয়ে দীর…

বিনোদন

তেহরানে বাসা থেকে গ্রেপ্তার অস্কার-মনোনীত চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ান

ইরানের মানবাধিকারকর্মী, সাংবাদিক ও অস্কার-মনোনীত চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ানকে তেহরানে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।…