তেহরানে বাসা থেকে গ্রেপ্তার অস্কার-মনোনীত চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ান
ইরানের মানবাধিকারকর্মী, সাংবাদিক ও অস্কার-মনোনীত চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ানকে তেহরানে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মাহমুদিয়ান নির্মাতা জাফর পানাহির কান উৎসবে পুরস্কারজয়ী সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এর সহচিত্রনাট্যকার। গত বুধবার তাঁকে আটক করে নিয়ে যান ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাঁর বিরুদ্ধে সরকারবিরোধী প্রচারণা এবং ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
মাহমুদিয়ানের ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, বুধবার বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করার পাশাপাশি তাঁর ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলো জব্দ করা হয়েছে। ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদও তাঁর গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে।
ইউরোপপ্রবাসী ইরানি মানবাধিকারকর্মী ও মাহমুদিয়ানের বন্ধু হোসেন রাজ্জাক বার্তা সংস্থা এপিকে জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী এক ডজনের বেশি সশস্ত্র সদস্য মাহমুদিয়ানের বাসায় অভিযান চালিয়ে তাঁকে ধরে নিয়ে যান। আটকের পর হেফাজতে তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে তাঁকে রাজধানী তেহরানের অদূরে গ্রেটার তেহরান পেনিটেনশিয়ারিতে রাখা হয়েছে।
এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন মেহদি মাহমুদিয়ান। চলতি বছরের জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভে সহিংস দমন-পীড়ন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমালোচনা করে ১৬ জনের সঙ্গে একটি বিবৃতিতে সই করায় গত ফেব্রুয়ারিতে অস্কার আসরের ঠিক আগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ‘সরকারের বিরুদ্ধে বিদ্রোহের’ অভিযোগে তিনি পাঁচ বছর কারাভোগ করেন।
মাহমুদিয়ানের এই গ্রেপ্তারের ঠিক আগেই নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের একটি আদালত। পাশাপাশি তাঁর সম্পদ বাজেয়াপ্ত, ব্যাংক হিসাব জব্দ এবং দুই বছরের জন্য বিদেশ ভ্রমণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


-7bfb56.jpg)

