১ হাজার ৩১০ কোটি বছর আগের আলোয় সবচেয়ে দূরের কোয়াসার, কেন্দ্রে সূর্যের ৩৬ কোটি গুণ ভরের কৃষ্ণগহ্বর
মহাবিশ্বের শৈশবকাল সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) ইউক্লিড স্পেস টেলিস্কোপের সাহায্যে এখন পর্যন্ত শনাক্ত করা সবচেয়ে দূরবর্তী কোয়াসারের সন্ধান পেয়েছেন তাঁরা।
কোয়াসারটির কেন্দ্রে রয়েছে অতিভারী কৃষ্ণগহ্বর, যার ভর সূর্যের প্রায় ৩৬ কোটি গুণ। মহাবিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের মাত্র ৬৩ কোটি বছর পরই এর অস্তিত্ব ছিল বলে গবেষণায় জানানো হয়েছে।
২০২৬ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোনোমিক্যাল ফিজিকস’-এ প্রকাশিত গবেষণায় এই আবিষ্কারের তথ্য তুলে ধরা হয়। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির গবেষক জুলিয়েন উলফের নেতৃত্বে পরিচালিত অনুসন্ধানে কোয়াসারটির সন্ধান পাওয়া যায়। এর নাম দেওয়া হয়েছে ‘ডুন অ্যাঙ্গাসা’।
কোয়াসার মূলত কোনো ছায়াপথের অত্যন্ত উজ্জ্বল ও সক্রিয় কেন্দ্র। এর কেন্দ্রে থাকা কৃষ্ণগহ্বরের প্রবল মহাকর্ষীয় আকর্ষণে চারপাশের গ্যাস ও ধূলিকণা ঘূর্ণায়মান অবস্থায় উত্তপ্ত হয়ে বিপুল পরিমাণ আলো ও শক্তি নির্গত করে। কোনো কোনো কোয়াসারের ঔজ্জ্বল্য পুরো ছায়াপথের সম্মিলিত ঔজ্জ্বল্যকেও ছাড়িয়ে যেতে পারে।
নতুন আবিষ্কৃত কোয়াসারটির আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় ১ হাজার ৩১০ কোটি বছর সময় লেগেছে। অর্থাৎ বিজ্ঞানীরা এখন সেটিকে যে অবস্থায় পর্যবেক্ষণ করছেন, তা মহাবিশ্বের একেবারে শৈশবকালের চিত্র। সেই সময় মহাবিশ্বের বয়স ছিল বর্তমান বয়সের পাঁচ শতাংশেরও কম।
ইউক্লিড টেলিস্কোপে প্রথম শনাক্ত হওয়ার পর হাবল ও জেমস ওয়েবসহ কয়েকটি শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে কোয়াসারটি পর্যবেক্ষণ করা হয়। নতুন আবিষ্কারটি আগের দূরত্বের রেকর্ডকে প্রায় চার কোটি বছরের ব্যবধানে ছাড়িয়ে গেছে।
তবে এই আবিষ্কার বিজ্ঞানীদের সামনে নতুন প্রশ্নও তৈরি করেছে। মহাবিশ্বের এত প্রাথমিক পর্যায়ে কীভাবে একটি কৃষ্ণগহ্বর এত বিশাল ভর অর্জন করল, তা প্রচলিত তত্ত্বে সহজে বোঝানো যায় না। প্রচলিত তত্ত্ব অনুযায়ী, বড় নক্ষত্রের বিবর্তনের একপর্যায়ে কৃষ্ণগহ্বরের জন্ম হতে পারে এবং পরে আশপাশের পদার্থ গ্রাস করে ও অন্য কৃষ্ণগহ্বরের সঙ্গে একীভূত হয়ে এর ভর বাড়তে পারে।
গবেষকদের ধারণা, মহাবিশ্বের প্রথম দিকে কিছু কৃষ্ণগহ্বর জন্মের সময়ই তুলনামূলক অনেক বেশি ভর নিয়ে তৈরি হয়ে থাকতে পারে। বিশাল গ্যাসীয় মেঘের সরাসরি সংকোচনের মধ্য দিয়ে এমন কৃষ্ণগহ্বরের জন্ম সম্ভব। আবার কোনো কোনো কৃষ্ণগহ্বর প্রচলিত ধারণার চেয়েও দ্রুত পদার্থ গ্রহণ করে বড় হতে পারে। তবে এই কৃষ্ণগহ্বরের জন্ম ও বিকাশের সুনির্দিষ্ট প্রক্রিয়া এখনো নিশ্চিত নয়।
২০২৩ সালে মহাকাশে পাঠানো ইউক্লিড টেলিস্কোপের মূল উদ্দেশ্য মহাবিশ্বের রহস্যময় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পর্কে তথ্য সংগ্রহ করা। সেই অনুসন্ধানের মধ্য দিয়েই বিজ্ঞানীরা প্রাচীন ও দূরবর্তী কোয়াসার শনাক্ত করার নতুন সুযোগ পাচ্ছেন।
এই আবিষ্কার শুধু মহাজাগতিক দূরত্বের নতুন রেকর্ড নয়, মহাবিশ্বের প্রাথমিক পর্যায়ে ছায়াপথের গঠন ও অতিভারী কৃষ্ণগহ্বরের বিবর্তন বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

