অনুমতি ছাড়া নির্মাণের অভিযোগে বেলজিয়ামে বন্ধ গুগলের এআই ডেটা সেন্টারের কাজ
প্রয়োজনীয় অনুমতি ছাড়াই নির্মাণকাজ চালানোর অভিযোগে বেলজিয়ামে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টারের নির্মাণ স্থগিত করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গুগল জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বেলজিয়ামের ফার্সিয়েনে নির্মাণাধীন প্রকল্পটির কাজ বন্ধ থাকবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, স্থানীয় আইন মেনে চলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যথাযথ অনুমতি ছাড়াই ডেটা সেন্টারটির নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল গুগল। বিষয়টিকে গুরুতর আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন ওয়ালোনিয়া আঞ্চলিক সরকারের মুখপাত্র নিকোলাস ইয়ারনক্স।
ডেটা সেন্টারটি শীতল রাখতে বাতাসের পরিবর্তে নিকটবর্তী সাম্ব্রে নদীর পানি ব্যবহারের অনুমতি চেয়েছিল গুগল। তবে কর্তৃপক্ষ সেই আবেদন প্রত্যাখ্যান করলেও নির্মাণকাজ অব্যাহত রাখে প্রতিষ্ঠানটি।
এতে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এ ঘটনায় পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস গুগলের সমালোচনা করেছে।
আগামী বছরের শুরুতে এ-সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত প্রসারের সঙ্গে বিশ্বজুড়ে ডেটা সেন্টারের সংখ্যা বাড়ছে। এসব স্থাপনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানির ব্যবহার পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে বলে পরিবেশবাদী ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে।
ডেটা সেন্টার ম্যাপের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে চালু ও চালুর অপেক্ষায় থাকা প্রায় ১৩ হাজার ৫০০টি ডেটা সেন্টারের মধ্যে বেলজিয়ামে রয়েছে ৫৪টি এবং যুক্তরাষ্ট্রে রয়েছে ৫ হাজার ২০০টির বেশি।

