মানুষের মতো রোবট আনছে স্যামসাং, জানুয়ারিতে প্রকাশের পরিকল্পনা

হিউম্যানয়েড রোবটের বাজারে পা রাখতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস। প্রতিষ্ঠানটি আগামী জানুয়ারিতে রোবটটি জনসমক্ষে উন্মোচনের পরিকল্পনা করেছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত এক ব্যক্তির বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ওই ব্যক্তি জানিয়েছেন, স্যামসাং ইতিমধ্যে হিউম্যানয়েড রোবটের প্রাথমিক সংস্করণ বা প্রোটোটাইপ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের কাছে উপস্থাপন করেছে।
পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) রোবটটি প্রদর্শন করতে চায় মেমোরি চিপ ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে ক্রমেই প্রতিযোগিতাপূর্ণ হয়ে ওঠা হিউম্যানয়েড রোবটের বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করবে স্যামসাং। এই বাজারে ইতিমধ্যে রয়েছে চীনের ইউনিট্রি, টেসলা এবং হুন্দাই মোটরসের মালিকানাধীন বোস্টন ডায়নামিকসের মতো প্রতিষ্ঠান।
রোবট তৈরির পরিকল্পনায় গত জুলাইয়ে ‘রোবোটিকস এক্সপেরিয়েন্স’ (আরএক্স) নামে একটি ইউনিট গঠন করে স্যামসাং। ইউনিটটি সরাসরি প্রতিষ্ঠানটির সহপ্রধান নির্বাহী কর্মকর্তা (কো-সিইও) টিএম রোর অধীনে পরিচালিত হয়। রোবট প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়ন, দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ এবং রোবট বাণিজ্যিকভাবে বাজারে আনার দায়িত্ব এই ইউনিটের ওপর।
গত বৃহস্পতিবার সিউলে স্যামসাংয়ের রোবট গবেষণাকেন্দ্রে রোবটটির একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে টিএম রো উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে রোবটটির পুরো শরীরের নিয়ন্ত্রণব্যবস্থা এবং হাত ও আঙুল ব্যবহার করে বিভিন্ন বস্তু তোলা ও নাড়াচাড়া করার সক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রোটোটাইপটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি স্যামসাং। এ কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি তথ্য দিয়েছেন। এ বিষয়ে মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট ব্যক্তির ভাষ্য, হিউম্যানয়েড রোবটের ক্ষেত্রে হাতের সূক্ষ্ম নড়াচড়া ও বস্তুর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্যামসাং। কারখানায় কাজ করার জন্য এ ধরনের রোবটকে নির্ভরযোগ্যভাবে বিভিন্ন বস্তু ধরতে, ঘোরাতে ও এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে সক্ষম হতে হয়। এটি এখনো রোবট প্রযুক্তির বড় চ্যালেঞ্জগুলোর একটি।
গত সেপ্টেম্বরে স্যামসাংয়ের রোবোটিকস এক্সপেরিয়েন্স ইউনিটের রোবোটিকস ল্যাবের প্রধান ক্রিস হাউজার বলেন, ‘আপনি যদি কোনো কারখানার মালিককে বলেন, আপনার রোবট ৯৯ শতাংশ সফলতার সঙ্গে কাজ করতে পারে, তবু তিনি হাসবেন। কারণ, তাঁর কারখানার উৎপাদন লাইনে রোবটটি ব্যবহারের জন্য সফলতার হার ৯৯ দশমিক ৯৯ শতাংশ হতে হবে।’ তিনি আরও বলেন, ‘এটি এমন এক ধরনের কাজ, যেখানে সামান্য ভুলেরও বড় মূল্য দিতে হয়।’
হাউজার জানান, দীর্ঘ মেয়াদে স্যামসাংয়ের লক্ষ্য শুধু কারখানায় ব্যবহারের রোবট তৈরি করা নয়। ঘরের কাজ করতে এবং বয়স্ক ব্যক্তিদের সহায়তা করতে সক্ষম ভোক্তাপর্যায়ের রোবট তৈরির পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
চলতি বছরের মার্চে স্যামসাং জানিয়েছিল, ২০৩০ সালের মধ্যে তাদের কারখানাগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর উৎপাদনকেন্দ্রে রূপান্তর করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে উৎপাদনপ্রক্রিয়ায় হিউম্যানয়েড রোবট যুক্ত করতে চায় প্রতিষ্ঠানটি।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গুমিতে হিউম্যানয়েড রোবট তৈরির জন্য একটি উৎপাদন লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। এই শহরটিতে প্রতিষ্ঠানটির স্মার্টফোন কারখানাও রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, চীন ও জাপানেও স্যামসাংয়ের রোবটবিষয়ক গবেষণার কার্যক্রম রয়েছে।
চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, রোবট প্রযুক্তির উন্নয়ন ও বাণিজ্যিক ব্যবহার ত্বরান্বিত করতে প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ ও অন্য প্রতিষ্ঠান অধিগ্রহণের বিষয়টি বিবেচনা করবে তারা। এর আগে ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার রোবট নির্মাতা প্রতিষ্ঠান রেইনবো রোবোটিকসের সবচেয়ে বড় শেয়ারধারী হয় স্যামসাং।

