…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

স্থিতিশীলতা ফেরানোই প্রধান অগ্রাধিকার, কিছুদিন প্রবৃদ্ধি মন্থর থাকতে পারে: অর্থমন্ত্রী আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতির পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এই মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার। এই প্রক্রিয়ায় আরও কিছুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর থাকতে পারে। তবে অর্থনীতি পুনরুদ্ধারের স্বার্থে এই বাস্তবতা মেনে নিয়েই সরকারকে এগোতে হবে।

রোববার রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে ‘পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। সভাপতিত্ব করেন জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এখন অর্থনৈতিক পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছি এবং ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছি। এই মুহূর্তে আমাদের প্রথম কাজ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে। আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে।’

তিনি বলেন, জ্বালানি তেল, গ্যাস ও সারের মতো প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার বড় ধরনের আর্থিক চাপের মুখে রয়েছে। আন্তর্জাতিক বাজারে বেশি দামে এসব পণ্য কিনতে গিয়ে সরকারি কোষাগারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের প্রতিদিনই সংকট সামাল দিতে হচ্ছে। বিপুল পরিমাণ তেল ও গ্যাস কিনতে হচ্ছে।’

আমির খসরু বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশকে আমদানির মাধ্যমেও মূল্যস্ফীতির চাপ বহন করতে হচ্ছে। আমদানিজনিত মূল্যস্ফীতি সরকারের সরাসরি নিয়ন্ত্রণে নেই। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কিছুটা সুযোগ রয়েছে। নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের ওপর শুল্ক কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে মূল্যস্ফীতি আরও কমিয়ে আনা জরুরি বলে তিনি বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারের প্রথম বছরটি অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা অর্জনের জন্য বিশেষভাবে কঠিন হবে। তবে পরবর্তী বছরগুলোতে অর্থনীতিতে আরও শক্তিশালী গতি ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, ‘প্রথম বছরটি খুব কঠিন হবে। কিন্তু চতুর্থ বা পঞ্চম বছরেও যদি বলি আমরা পুনরুদ্ধার বা স্থিতিশীলতার পর্যায়ে রয়েছি, তা হতে পারে না। চতুর্থ ও পঞ্চম বছর হতে হবে আমাদের ঘুরে দাঁড়ানোর সময়।’

অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরার ক্ষেত্রে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অগ্রগতির চিত্র দেখাতে সরকার কোনো বিভ্রান্তিকর পরিসংখ্যান উপস্থাপন করবে না। তিনি বলেন, ‘একটি উন্মুক্ত সরকারের লুকানোর কিছু নেই। তথ্য গোপন করে কোনো সরকার দেশ পরিচালনা করতে পারে না। ভুল পরিসংখ্যান দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইলে শেষ পর্যন্ত সরকারেরই ক্ষতি হবে।’

ব্যাংক খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও আর্থিক দায়ের কারণে এই খাতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। তিনি বলেন, ‘আমরা আমানতকারীদের আশ্বস্ত করেছি, তাদের টাকা নিরাপদ এবং তারা তা ফেরত পাবেন। কোনো ধরনের হেয়ারকাট বা আমানতের অর্থ কেটে রাখা হবে না। তাদের কিছুটা ধৈর্য ধরতে হবে।’ এই আশ্বাসের ফলে ব্যাংকগুলোতে নিট আমানতের প্রবাহ বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

পুঁজিবাজার সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বিগত বছরগুলোর অনিয়ম ও কারসাজির কারণে এই বাজারের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময় একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে পুঁজিবাজার অনেকটা ক্যাসিনোর মতো হয়ে উঠেছিল। এতে ভালো ও মানসম্পন্ন অনেক কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহ হারায়। তিনি বলেন, পুঁজিবাজারের নিয়ন্ত্রক কাঠামো সংস্কার করা হয়েছে এবং নতুন কমিশন গঠন করা হয়েছে, যা স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত এবং এতে কোনো রাজনৈতিক নিয়োগ নেই।

বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াল স্ট্রিটে বিশ্বের শীর্ষস্থানীয় তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। ওই বৈঠকে ১৭টি শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৩৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। তিনি বলেন, ‘এটি বাংলাদেশের প্রতি আস্থার প্রতিফলন।’

পাঁচ বছর মেয়াদি কাঠামোর পটভূমি তুলে ধরে তিনি বলেন, এর ভিত্তি রয়েছে ২০১৬ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রণীত ‘ভিশন ২০৩০’-এ। পরবর্তী সময়ে ২৭ দফা ও ৩১ দফার মতো রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়েও এই ধারণা বিকশিত হয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফ, আইডিবি, এআইআইবি ও জাইকার মতো সব উন্নয়ন সহযোগী এই কাঠামোর সঙ্গে একমত।

সরকারের এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, এটি অর্জনে কৌশলগত পরিকল্পনা, বড় বিনিয়োগ এবং বেসরকারি খাত, সরকার ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। উন্নয়ন প্রকল্প বাছাইয়ে সরকার অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের অর্থনৈতিক সুফল, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব—এই চারটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান।

তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) স্বাধীনভাবে কাজ করার নির্দেশনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা বিবিএসকে বলেছি, সরকারের প্রভাবে প্রভাবিত হওয়া যাবে না। অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরতে হবে।’ গবেষকদের তথ্য ব্যবহারের সুযোগ বাড়াতে বিবিএসে একটি গবেষণা সুবিধা প্রতিষ্ঠা করা হয়েছে এবং অনলাইনে উপাত্ত উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

ক্রয়ক্ষমতা কমে ধসের মুখে ক্ষুদ্র ব্যবসা, অনেক দোকানে বিক্রি কমেছে ৩০ থেকে ৬০ শতাংশ

দেশের ক্ষুদ্র ব্যবসা খাতে চলমান সংকট দিন দিন আরও গভীর আকার ধারণ করছে। পাড়া-মহল্লার মুদি দোকান, চায়ের স্টল কিংবা ফলের দোকান থেকে শুরু করে ইলেকট্রনিকস…

নিত্যপণ্য বাণিজ্যে টিসিবি ও পাকিস্তানের টিসিপির পাঁচ বছরের সমঝোতা সই
অর্থনীতি ও ব্যবসা

নিত্যপণ্য বাণিজ্যে টিসিবি ও পাকিস্তানের টিসিপির পাঁচ বছরের সমঝোতা সই

দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ট্রেডিং করপ…

অর্থনীতি ও ব্যবসা

অনিয়মে ৩ হাজার ১১ কোটি টাকার বিনিয়োগ পুনঃতফসিল শাহজালাল ইসলামী ব্যাংকের: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

অনিয়ম করে ৩ হাজার ১১ কোটি টাকার বিনিয়োগ (ঋণ) পুনঃতফসিল করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। ব্যাংকটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে এসব …

খুলনার বন্ধ পাটকলে ফিরছে প্রাণ: পাটপণ্যের পাশাপাশি হচ্ছে খাদ্যপণ্য, ব্যাটারি ও ই-বাইক কারখানা
অর্থনীতি ও ব্যবসা

খুলনার বন্ধ পাটকলে ফিরছে প্রাণ: পাটপণ্যের পাশাপাশি হচ্ছে খাদ্যপণ্য, ব্যাটারি ও ই-বাইক কারখানা

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে খুলনার শিল্পাঞ্চলে। বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় চ…