অনিয়মে ৩ হাজার ১১ কোটি টাকার বিনিয়োগ পুনঃতফসিল শাহজালাল ইসলামী ব্যাংকের: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
অনিয়ম করে ৩ হাজার ১১ কোটি টাকার বিনিয়োগ (ঋণ) পুনঃতফসিল করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। ব্যাংকটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, নামে ইসলামী হলেও ব্যাংকটি চলছে সুদভিত্তিক বিনিয়োগে। পণ্য কেনাবেচা ছাড়াই ঋণ সৃষ্টি, একই পণ্যের বিপরীতে বারবার মুনাফা নেওয়া, পুরোনো ঋণ সমন্বয়ে নতুন ঋণ বিতরণ এবং সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে ব্যাংকটি।
এমনকি গ্রাহকের নামে ভুয়া বা অসম্পূর্ণ কাগজপত্র তৈরি করে বিনিয়োগ দেখানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা প্রধান শাখা ও সিলেট শাখায় এসব অনিয়ম হয়েছে বলে বিশেষ পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে এসব অনিয়মের বিরুদ্ধে তিন মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
অর্থনীতিবিদরা বলছেন, ঘটনা সত্য হলে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মইনুল ইসলাম বুধবার যুগান্তরকে বলেন, দেশের ব্যাংকিং খাতে যা চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, এসব অনিয়মের কারণেই খেলাপি ঋণ বাড়ছে।


