মক্কা চুক্তির আওতায় সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান
মক্কা চুক্তির প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর আওতায় সৌদি আরবে সেনাসদস্য পাঠাচ্ছে পাকিস্তান। রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের দেওয়া এক বিবৃতির বরাতে অনলাইন জিও নিউজ এ খবর জানিয়েছে।
সৌদিগামী সেনাসদস্যদের বিদায় জানাতে শনিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, এই সেনা মোতায়েন সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও পবিত্র মক্কা শরীফের পবিত্রতা রক্ষায় পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।
নির্ধারিত চুক্তি অনুযায়ী পাকিস্তানি সেনারা সৌদি ভূখণ্ডে দায়িত্ব পালন করবেন এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
গত জুলাই মাস থেকে সৌদি আরবের বিভিন্ন শহর ও তেল স্থাপনায় হুতি গোষ্ঠীর হামলার পটভূমিতে ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকের মাত্র এক দিন পরই সৌদি আরবে পাকিস্তানি সেনা পাঠানোর এই সংবাদ সামনে এলো।

