চীনের বাজারে গাধার চামড়ার চাহিদায় বিপাকে বেলুচিস্তানের দরিদ্র পরিবারগুলো
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কুলাহু এলাকায়, টুম্পের কাছে নিজের বাড়ির বাইরে একটি পুরোনো চারপায়ায় বসে থাকেন মুহাম্মদ নূর। তাঁর চোখ পড়ে থাকে ছেঁড়া টায়ার আর অলস পড়ে থাকা কাঠের ফ্রেমের একটি গাধার গাড়ির দিকে। যে দুটি গাধা একসময় গাড়িটি টানত, সেগুলো আর নেই।
বছরের পর বছর নূর স্থানীয় ক্রেতাদের জন্য কাঠ, বালি ও পাথর বহন করে জীবিকা নির্বাহ করতেন। খেজুরের মৌসুমে গাধা দুটি বিশেষভাবে মূল্যবান ছিল, কারণ সেগুলো ফসল পরিবহনে সাহায্য করত এবং পরিবারের আয় বাড়াত।
গত জুলাইয়ে স্ত্রীর জরুরি অস্ত্রোপচারের খরচ জোগাতে নূর দুটি গাধাই বিক্রি করে দেন। তাঁর স্ত্রীর দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাচ্ছিল। সঞ্চয় না থাকায় এবং বিকল্প কম থাকায় তিনি স্থানীয় এক পশু ব্যবসায়ীর প্রস্তাব গ্রহণ করেন।
শক্তিশালী পুরুষ গাধাটি বিক্রি হয় ৭৫ হাজার রুপিতে (২৭০ ডলার), আর স্ত্রী গাধাটি বিক্রি হয় ৪৪ হাজার রুপিতে (১৫৮ ডলার)।
নূর বলেন, তিনি ভেবেছিলেন এই টাকায় স্ত্রীর দৃষ্টি ফিরবে এবং পরে তিনি আরেকটি গাধা কিনতে পারবেন। কিন্তু একটি ভালো কর্মক্ষম গাধার দাম এখন এক লাখ রুপি (৩৬০ ডলার) বা তারও বেশি। সেই সামর্থ্য তাঁর নেই।
বিক্রির টাকায় স্ত্রীর চিকিৎসা হয়েছে, কিন্তু পরিবারের জীবিকা ধ্বংস হয়ে গেছে। গাধা দুটি প্রতিদিন প্রায় এক হাজার রুপি (৪ ডলার) আয় এনে দিত। এখন নূর দিনমজুরির ওপর নির্ভর করেন, ভালো দিনে ৫০০ রুপি (২ ডলার) পান, আবার কোনো কোনো দিন কিছুই পান না।
তাঁর বড় মেয়ে স্কুল ছেড়ে দিয়েছে, পরিবার খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছে এবং অন্যান্য চিকিৎসার প্রয়োজন পিছিয়ে দেওয়া হয়েছে।
নূর বলেন, ব্যবসায়ী তাঁকে বলেছিলেন গাধা সবসময় পাওয়া যাবে এবং দাম কমে আসবে। তিনি বলেন, ব্যবসায়ী ভুল বলেছিলেন; তিনি নিজের জীবিকা বিক্রি করে দিয়েছেন এবং তা আর ফিরে পাচ্ছেন না।
কেচ জেলা জুড়ে বাসিন্দারা বলছেন, ব্যবসায়ীরা গোয়াদর বন্দরনগরীর সীমান্তবর্তী গ্রামীণ উপজেলা দাশতের গ্রামগুলো থেকে পথের ও কম ওজনের গাধা ক্রমশ বেশি কিনছেন এবং মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে সেগুলো আবার বিক্রি করছেন।
চার থেকে পাঁচ হাজার রুপিতে (১৪ থেকে ১৮ ডলার) কেনা পশু জেলার প্রধান শহর ও বাণিজ্যিক কেন্দ্র তুরবাতে আট থেকে দশ হাজার রুপিতে (২৮ থেকে ৩৬ ডলার) বিক্রি হতে পারে। দান্নুকের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেন, স্থানীয়ভাবে চার হাজার রুপিতে কেনা একটি গাধা গোয়াদরের মধ্যস্বত্বভোগীদের কাছে পৌঁছালে প্রায় ১৫ হাজার রুপি (৫৪ ডলার) দাম পেতে পারে।
কিছু পরিবারের ক্ষেত্রে ক্ষতি হয়েছে কোনো বিক্রি ছাড়াই। তুরবাতের উপকণ্ঠে চাহসারে জুম্মা বালোচের একমাত্র কর্মক্ষম গাধাটি এক মাস আগে বাড়ির বাইরে বাঁধা অবস্থায় চুরি হয়ে যায়।
জুম্মা বলেন, তিনি ঘুম থেকে উঠে দেখেন গাধাটি নেই। লোকজন বলছেন, চুরি হওয়া গাধা শহরের মধ্যস্বত্বভোগীদের কাছে নেওয়া হয়, যারা রপ্তানি ব্যবসায় সরবরাহ করেন।
গাধাটি ছাড়া জুম্মা অনিয়মিত দিনমজুরির কাজে বাধ্য হয়েছেন। গাধার বাড়তি দামের কারণে আরেকটি কেনা তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এই বাজারের কেন্দ্রে রয়েছে এজিয়াও, গাধার চামড়া সেদ্ধ করে জেলাটিন বের করে তৈরি একটি ঐতিহ্যবাহী চীনা ওষুধপণ্য। এটি রক্ত সঞ্চালন উন্নত করা ও রক্তস্বল্পতার চিকিৎসাসহ নানা স্বাস্থ্য উপকারের দাবি নিয়ে বাজারজাত করা হয়।
জার্নাল অব কনটেম্পরারি চায়নায় ২০২৪ সালে প্রকাশিত গবেষণায় অনুমান করা হয়েছে, এজিয়াও শিল্পের জন্য প্রতি বছর ৪০ লাখ থেকে ৫০ লাখ গাধার চামড়া প্রয়োজন। চীনের নিজের গাধার সংখ্যা সেই চাহিদা মেটাতে পারে না, ফলে অন্য দেশ থেকে আমদানি বাড়ছে। আফ্রিকার গাধার ওপর চাপের কারণে আফ্রিকান ইউনিয়ন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চামড়া রপ্তানির জন্য গণহারে জবাইয়ের ওপর মহাদেশজুড়ে স্থগিতাদেশ গ্রহণ করে।
পাকিস্তান ক্রমশ সম্ভাব্য সরবরাহকারী হিসেবে উঠে এসেছে। ২০২৫-২৬ পাকিস্তান ইকোনমিক সার্ভে অনুযায়ী দেশটির গাধার সংখ্যা আনুমানিক ৬২ লাখ, যা বিশ্বের সবচেয়ে বেশি গাধা থাকা দেশগুলোর একটি।
গোয়াদরের নর্থ ফ্রি জোনে চীনা কোম্পানি হানগেং ট্রেডিং এন্টারপ্রাইজ একটি প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকে চীনে গাধার পণ্য রপ্তানি শুরু করেছে, যেটি ৫ কোটি ডলার ব্যয়ে নির্মিত। জুলাইয়ে পাঠানো এর প্রথম চালানে ছিল ৯৪ দশমিক ৫৭ টন গাধার মাংস ও চামড়া। অক্টোবরে কোম্পানিটি ৮১ টন মাংস, হাড় ও চামড়া পাঠায়।
দ্বিতীয় একটি পাকিস্তান-চীন যৌথ উদ্যোগ শাহজাদ অ্যান্ড শাও (প্রাইভেট) লিমিটেড আগস্টে নর্থ ফ্রি জোনে আরেকটি জবাইখানা ও প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের জন্য ৪ একর (১ দশমিক ৬ হেক্টর) জমি নিয়েছে করেছে। কোম্পানিটি বছরে সর্বোচ্চ দেড় লাখ গাধার কোটার অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।
হানগেংয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, কোম্পানিটি সিন্ধু প্রদেশে পাঁচ-ছয়জন নিবন্ধিত সরবরাহকারী এবং রাজধানী ইসলামাবাদে দুজনের মাধ্যমে পশু সংগ্রহ করে। বেলুচিস্তান থেকে আসা কিছু সরবরাহকারী সিন্ধুতে নিবন্ধিত এবং তারাও ওই প্রদেশ থেকে পশু সংগ্রহ করতে পারেন।
ওই কর্মকর্তা বাণিজ্যিক গোপনীয়তার কারণে কেনা দাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান এবং বলেন, কোম্পানিটি আশা করে সরবরাহ ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতার ব্যবধান পাকিস্তানে গাধা প্রজনন খামার গড়তে উৎসাহ দেবে।
২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে দেশটি চীন, ভিয়েতনাম ও হংকংয়ে এক লাখ ৪১ হাজার ৭৫টি চামড়া রপ্তানি করে। ২০১৪-১৫ সালে রপ্তানি পৌঁছায় ৯৭ হাজার ২০১টিতে। গাধার সংখ্যা কমে যাওয়ার উদ্বেগ এবং জবাইয়ের পর অবশিষ্ট মাংস দেশের ভেতরে গরু বা খাসির মাংস হিসেবে বিক্রির খবরের মধ্যে ২০১৫ সালে সরকার চামড়া রপ্তানি নিষিদ্ধ করে।
গত বছরের অক্টোবরে সরকার রপ্তানি নীতি সংশোধন করে গোয়াদর ফ্রি জোনে নির্ধারিত, অনুমোদিত বা নিবন্ধিত জবাইখানা থেকে চামড়া রপ্তানির অনুমতি দেয়। চলতি বছরের এপ্রিলে সরকারের অর্থনৈতিক সমন্বয় কমিটি চীনে গাধার মাংস ও চামড়া রপ্তানির অনুমোদন দেয়।
তুরবাতের শহীদ ফিদা চকে একটি স্ট্যান্ডের পাশে নিজের গাঢ় বাদামি গাধাটির কাছে দাঁড়িয়ে বকশ কাছের দোকান থেকে গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস বড় যান চলতে পারে না এমন সরু রাস্তা দিয়ে পরিবহন করে জীবিকা নির্বাহ করেন।
বকশ বলেন, এই কাজে তাঁর মাসে প্রায় ৩০ হাজার রুপি (১০৮ ডলার) আয় হয়। খাদ্যের খরচ দেওয়ার পর প্রায় ২৫ হাজার রুপি (৯০ ডলার) থাকে মুদিসামগ্রী এবং কাছের একটি ধর্মীয় বিদ্যালয়ে তাঁর একমাত্র ছেলের পড়াশোনার জন্য। জরুরি প্রয়োজনের জন্য প্রায় কিছুই থাকে না।
গোয়াদর রপ্তানি শৃঙ্খলে সরবরাহকারীদের সঙ্গে যুক্ত মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা নিয়মিত তাঁর কাছে প্রস্তাব নিয়ে আসেন। তাঁর ভাগনে তুরবাতে ব্যবসায়ীদের কাছে পাঁচটি গাধা প্রতিটি পাঁচ থেকে ছয় হাজার রুপিতে (১৮ থেকে ২১ ডলার) বিক্রি করেছেন। পশুগুলো পরে সিন্ধুর সরবরাহকারীদের কাছে পাঠানো হয়, সেখান থেকে গোয়াদর সরবরাহ শৃঙ্খলে ঢোকে।
বকশ বলেন, তিনি নিজেরটি বিক্রি করেননি, কিন্তু বাজার তিনি দেখতে পাচ্ছেন। লোকজন বলছেন, পশুটির দাম এখন বেশি, কারণ এর চামড়া চীনে সরবরাহ করা হয়।
তবে বাড়তি দাম তাঁকে উদ্বিগ্ন করে। গাধাটি অসুস্থ হলে, সড়কে আহত হলে বা চুরি হলে তিনি আরেকটি কেনার সামর্থ্য নিয়ে সন্দেহ করেন। জুম্মার অভিজ্ঞতার কথা শুনে তিনি এখন অন্ধকারের পর পশুটিকে বেঁধে রাখেন।
লাহোরের প্রাণীকল্যাণ বিশেষজ্ঞ সৈয়দ নঈম আব্বাস বলেন, এর পরিণতি একক পরিবারের বাইরেও যায়। তিনি সতর্ক করেন, রপ্তানি শৃঙ্খলে ঢোকা অনেক পশু আগে কর্মক্ষম গাধা ছিল, জবাইয়ের জন্য বিশেষভাবে প্রজনন করা পশু নয়।
আব্বাস বলেন, কার্যকর প্রজনন কর্মসূচি এবং কর্মক্ষম প্রাণীদের সুরক্ষা ছাড়া বাণিজ্যিক চাহিদা দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক ঝুঁকি আরও গভীর করতে পারে। তিনি বেলুচিস্তান সরকারকে প্রাণীকল্যাণ আইন প্রণয়নের আহ্বান জানান, খাইবার পাখতুনখোয়ার উদাহরণ টেনে, যেটি ২০২৪ সালে পাকিস্তানের প্রথম প্রদেশ হিসেবে এমন আইন প্রণয়ন করে। তিনি উদ্ভিদভিত্তিক ও কৃত্রিম বিকল্প অনুসন্ধানেরও পক্ষে মত দেন।
আব্বাস বলেন, যা দেখা যাচ্ছে তা শুধু পশুর চলাচল নয়, জীবিকার নীরব ধস। নূরের ক্ষেত্রে পরিণতি ইতিমধ্যে স্পষ্ট: স্ত্রীর অস্ত্রোপচারের খরচ মিটেছে, কিন্তু বাড়ির বাইরের গাড়িটি অলস পড়ে আছে।

