শর্ত মানলে দুই দিনে হরমুজ খুলবে, নৌ-কমান্ডারের নতুন ঘোষণা তেহরানের
তেহরানের দেওয়া শর্তগুলো মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি। রোববার (২৯ নভেম্বর) ইরানের বার্তা সংস্থা ইরনাকে তিনি এ কথা বলেন। আলজাজিরার সূত্রে এ তথ্য জানা গেছে।
অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, ইরানের অবস্থানকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে—ওয়াশিংটনকে অবশ্যই তা অনুধাবন করতে হবে।
আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “এই অঞ্চলের নিরাপত্তা আগে যেমন ছিল, সেটি ঠিক ওই জায়গায় ফিরতে হবে। এ জন্য প্রয়োজন এই অঞ্চলের বাস্তবতাকে মেনে নেওয়া এবং যে পথ এই অঞ্চলের নিরাপত্তাকে বিঘ্ন করে, সেটি পরিহার করা।” পাশাপাশি আরব দেশগুলোকে বুঝতে হবে তারা কার পক্ষে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
হরমুজ প্রণালি পুনরায় চালু করার ক্ষেত্রে ইরান বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে। এর মধ্যে রয়েছে—ইরানের জব্দ করে রাখা সব সম্পদ ছেড়ে দেওয়া, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও তেল রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং যুক্তরাষ্ট্রের দেওয়া নৌ-অবরোধ তুলে নেওয়া।
যুক্তরাষ্ট্র এসব শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পরই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এই যুদ্ধ শুরুর আগে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হতো।
প্রণালি বন্ধের পর থেকেই ইরান জানিয়ে আসছে, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এটি আর খুলে দেওয়া হবে না। এর মধ্যে গত ১০ দিনে হরমুজ প্রণালিতে প্রায় ৫০টি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

