…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

চীন-তুরস্কের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়ায় উদ্বেগ জানালেন ভারতের প্রতিরক্ষা প্রধান

নিজস্ব প্রতিবেদক

চীন ও তুরস্কের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রামানি। তাঁর আশঙ্কা, চীনের উন্নত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও নেভিগেশন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেলে সামরিক ক্ষেত্রে পাকিস্তানের সক্ষমতা আরও বাড়বে।

এ পরিস্থিতিতে নিজেদের কৌশলগত অবস্থান ধরে রাখতে ভারতের মহাকাশভিত্তিক সামরিক প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থা দ্রুত শক্তিশালী করার তাগিদ দিয়েছেন তিনি।

গত শুক্রবার নয়াদিল্লির বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে ‘ভবিষ্যতের যুদ্ধ এবং বহুমাত্রিক সামরিক অভিযান পরিচালনায় ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেন জেনারেল সুব্রামানি। পরে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, চীনের সহযোগিতায় পাকিস্তানের মহাকাশ কর্মসূচি এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো নিজস্ব সক্ষমতা বাড়ানোর কাজ করছে।

ভবিষ্যতে তুরস্কও পাকিস্তানকে এ ক্ষেত্রে সহায়তা করতে পারে বলে মনে করছে ভারত। জেনারেল সুব্রামানির মতে, চীনের হাতে থাকা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান (আইএসআর) এবং অবস্থান নির্ণয়, নেভিগেশন ও সময় নির্ধারণের (পিএনটি) প্রযুক্তি পাকিস্তানের নাগালে আসতে পারে। এতে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করা এবং সামরিক অভিযানের সমন্বয় করার সক্ষমতা বাড়বে।

ভারতের এই উদ্বেগের পেছনে চীন-পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতাও গুরুত্বপূর্ণ। গত বছর ‘অপারেশন সিঁদুর’-এর সময় দুই দেশের সামরিক ঘনিষ্ঠতা নতুন করে আলোচনায় আসে। এরই মধ্যে গত ২৫ নভেম্বর চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে পাকিস্তানের নাগরিক মুহাম্মদ জিশান আলির অংশগ্রহণ দুই দেশের মহাকাশ সহযোগিতার আরেকটি দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে। তিনি চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতে অংশ নেওয়া প্রথম বিদেশি নাগরিক। তবে এই মানববাহী মহাকাশ মিশনকে সরাসরি সামরিক নজরদারি সহযোগিতার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

পাকিস্তানের সক্ষমতা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে ভারতও মহাকাশভিত্তিক নজরদারি ব্যবস্থা সম্প্রসারণে কাজ করছে। এ ক্ষেত্রে ‘স্পেস বেসড সার্ভেইল্যান্স’ বা এসবিএস-৩ প্রকল্পের কথা তুলে ধরেছেন জেনারেল সুব্রামানি। ২৬ হাজার ৯৬৮ কোটি রুপি ব্যয়ের এ প্রকল্পের আওতায় আগামী তিন বছরে ৫২টি সামরিক নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২১টি স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং বাকি ৩১টির দায়িত্বে থাকবে বেসরকারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের অক্টোবরে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটি প্রকল্পটির অনুমোদন দেয়।

এসব স্যাটেলাইট চালু হলে সীমান্ত ও গুরুত্বপূর্ণ অঞ্চলের ওপর নজরদারির বিরতি কমবে এবং সামরিক বাহিনী দ্রুত তথ্য পাবে বলে প্রকল্পে বলা হয়েছে।

চীনের মহাকাশ সক্ষমতা নিয়েও সতর্ক করেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান। তাঁর বক্তব্য, বেইজিং এমন প্রযুক্তি উন্নয়নে কাজ করছে, যার মাধ্যমে প্রতিপক্ষের স্যাটেলাইটে আঘাত হানা কিংবা সেগুলোর যোগাযোগ ও কার্যক্রম ব্যাহত করা সম্ভব। ফলে ভবিষ্যতের যুদ্ধে স্থল, নৌ ও আকাশপথের পাশাপাশি মহাকাশও গুরুত্বপূর্ণ সামরিক ক্ষেত্র হয়ে উঠছে।

জেনারেল সুব্রামানির মতে, প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব স্থায়ী নয়; প্রতিপক্ষের সক্ষমতা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রযুক্তি ও সামরিক প্রস্তুতিও নিয়মিত উন্নত করতে হবে। এ কারণে মহাকাশভিত্তিক নজরদারি, যোগাযোগ, স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাতকেও কাজে লাগাতে চায় ভারত।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

নতুন চুক্তির সময় নেই, বিদ্যমান গঙ্গা চুক্তিরই নবায়ন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গঙ্গার পানি বণ্টন নিয়ে নতুন চুক্তির জন্য আলোচনার পর্যাপ্ত সময় না থাকায় ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তিরই নবায়ন চায় বাংলাদেশ।…

আন্তর্জাতিক

পশ্চিম তীরে বসতি শিল্পাঞ্চলের বিস্তারে চাপে ফিলিস্তিনি অর্থনীতি ও কৃষি

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি শিল্পাঞ্চলগুলো ফিলিস্তিনি ব্যবসা ও কৃষিকে বিপর্যস্ত করে তুলছে। রামাল্লার উত্তরে উম সাফা গ্রামের বাসিন্দাদের গত মে মা…

আন্তর্জাতিক

হুতিদের হামলা মোকাবিলায় সৌদি আরবের প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান

ইয়েমেনের হুতিদের হামলার মুখে থাকা সৌদি আরবকে সহায়তা করতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা …

আন্তর্জাতিক

চীনের বাজারে গাধার চামড়ার চাহিদায় বিপাকে বেলুচিস্তানের দরিদ্র পরিবারগুলো

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কুলাহু এলাকায়, টুম্পের কাছে নিজের বাড়ির বাইরে একটি পুরোনো চারপায়ায় বসে থাকেন মুহাম্মদ নূর। …