মহাসড়ক সচল হলেও ঢাকা-বরিশাল রুটে বাস বন্ধ, টার্মিনালে চরম ভোগান্তিতে যাত্রীরা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রোববার সকাল থেকে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
ঢাকা-বরিশাল রুটে দৈনিক ৪৫০টি বাস চলাচল করে। রোববার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলো প্রায় যাত্রীশূন্য অবস্থায় পড়ে আছে। টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন অসংখ্য ঢাকাগামী যাত্রী।
জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে চাওয়া যাত্রীদের অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় বিকল্প যানবাহনে কিংবা ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। শত শত মানুষ বিকল্প পথে রাজধানীতে যাওয়ার চেষ্টা করছেন।
ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, জরুরি প্রয়োজনে মেয়ের কাছে ঢাকায় যাওয়ার জন্য তিনি বাস টার্মিনালে যান। কিন্তু সেখানে সার্ভিসে থাকা কোনো বাস দেখেননি। বাধ্য হয়ে তাঁকে বাড়ি ফিরতে হয়েছে।
নথুল্লাবাদ বাস মালিক গ্রুপের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে টেকেরহাট থেকে ভাঙা পর্যন্ত বাস চলাচল আটকে দেয় আওয়ামী লীগের কর্মীরা। শরীয়তপুরের নাওডোবা, টেকেরহাট ও ভাঙা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। ওই রাতে কেবল আল আমিন পরিবহনের দুটি বাস হামলার মুখে পড়ে কোনোরকমে ঢাকা থেকে বরিশালে পৌঁছায়।
সুগন্ধা পরিবহনের সুপারভাইজার মনা দাস জানান, রোববার দুপুরে শরীয়তপুরের মধ্য দিয়ে ঢাকা থেকে বরিশালে আসার সময় দুর্বৃত্তরা শিবচরে সুগন্ধা পরিবহনের একটি বাস ভাঙচুর করে। আল আমিন পরিবহনও বাধার সম্মুখীন হয়।
রোববার সন্ধ্যা পর্যন্ত নথুল্লাবাদ থেকে দূরপাল্লার বড় পরিবহনের বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে রোববার বিকেলে এনা পরিবহনের একটি বাস ছেড়ে যেতে দেখা যায়। অনেকের ধারণা, এসব বাস যাত্রীদের বাড়তি ভাড়া নিয়ে টেকেরহাট গিয়ে আটকে যাচ্ছে।
টার্মিনালের অদূরে মাইক্রোবাসে যাত্রীপ্রতি ৮০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে জানান চরমোনাইয়ের মাহফিল থেকে ফেরা মুসল্লি আ. রহমান। তিনি বলেন, চরমোনাইয়ের আখেরি মোনাজাত শেষে তিনি ঢাকায় যেতে পারছেন না। বিকেলে নথুল্লাবাদ বাস টার্মিনালে অধিকাংশ যাত্রীই ছিল চরমোনাইয়ের মাহফিল থেকে ফেরা মানুষ।
লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রোববার ভোরে মাদারীপুরের টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের মূল ঘটনা ঘটে। যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন খাতের সম্পদ রক্ষার স্বার্থেই বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা।
তবে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও বরিশাল থেকে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলাসহ দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল অনেকাংশে স্বাভাবিক রয়েছে।




