মেনোপজ হরমোন চিকিৎসার প্রেসক্রিপশন বেড়েছে ১৪১ শতাংশ, যুক্তরাষ্ট্রে ইস্ট্রোজেন প্যাচের সংকট

যুক্তরাষ্ট্রে মেনোপজের হরমোন চিকিৎসার প্রেসক্রিপশন ১৪১ শতাংশ বেড়েছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। একই সঙ্গে দেশজুড়ে রোগীরা, বিশেষ করে ইস্ট্রোজেন প্যাচের সংকটে পড়েছেন। গবেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচার এবং মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) সতর্কবার্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত এই চাহিদা বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে।
গত সপ্তাহে জামা সাময়িকীতে প্রকাশিত এই গবেষণার প্রধান লেখক জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যৌন ও প্রজনন স্বাস্থ্য গবেষক ডানা সারনাক। তিনি বলেন, ওষুধ সরবরাহ ও চাহিদা দুটোই বেড়েছে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে, আর এতে রোগীরা সমস্যায় পড়ছেন এবং সরবরাহ খুঁজে দেওয়া ও বিকল্প ভাবতে গিয়ে চিকিৎসকদের কাজের চাপও বেড়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, ইস্ট্রোজেন প্যাচের মতো ত্বকের মাধ্যমে দেওয়া সিস্টেমিক মেনোপজ চিকিৎসার সংখ্যা ২০২৩ সালের জুলাইয়ে ২০ লাখ থেকে বেড়ে ২০২৬ সালের জুনে ৪৯ লাখে পৌঁছেছে।
নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ফেইনবার্গ স্কুল অব মেডিসিনের প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যার ক্লিনিক্যাল অধ্যাপক লরেন স্ট্রাইকার বলেন, অনেক নারীই এখন এই চিকিৎসা চাইছেন। তাঁর মতে, এই ঊর্ধ্বগতির বড় অংশ এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে, তবে ইনফ্লুয়েন্সারদের বার্তা এই চিকিৎসার উপকারিতাকে অতিরঞ্জিত করে তুলতে পারে।
স্ট্রাইকার বলেন, অনেক নারীর জন্য এই চিকিৎসা যথাযথ এবং তাঁদের এটি নেওয়া উচিত, আবার অনেকের জন্য তা নয়।
মেনোপজ চিকিৎসার গতিপথ বদলে দিয়েছিল উইমেন্স হেলথ ইনিশিয়েটিভ নামের একটি বড় গবেষণা। ২০০২ সালে সেই গবেষণার ফল প্রকাশের পরের বছর মেনোপজ হরমোন ওষুধে স্তন ক্যানসার, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকির সতর্কবার্তা যোগ হয়। এরপর এই ওষুধের ব্যবহার ব্যাপকভাবে কমে যায় এবং ২০২৩ সাল পর্যন্ত তা কমই ছিল বলে জানান সারনাক।
তবে ২০২৪ সালের জুলাই থেকে প্রেসক্রিপশন আবার বাড়তে শুরু করে। এর পেছনে বৈজ্ঞানিক ধারণার পরিবর্তনও আছে। ২০২২ সালে মেনোপজ সোসাইটির মতো সংগঠনের নির্দেশিকায় ব্যক্তিভেদে হরমোন চিকিৎসার পক্ষে মত আসে। তবে সারনাকের মতে, বড় চালিকাশক্তি ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে মেনোপজ নিয়ে গড়ে ওঠা আন্দোলন।
চাহিদার এই ঢেউ সংকটও তৈরি করেছে বলে জানান স্ট্রাইকার। যাঁদের গরম ঝলকানি, অনিদ্রা ও হাড়ের ঘনত্ব কমে যাওয়ার মতো উপসর্গ আছে, তাঁদের জন্য এই চিকিৎসা সম্পূর্ণ যথাযথ। কিন্তু অন্য অনেকের ক্ষেত্রে এটি অকার্যকর, এমনকি বিপজ্জনকও হতে পারে বলে তিনি সতর্ক করেন।
স্ট্রাইকার বলেন, অনেকে মনে করেন ৬০ বা ৭০ বছর বয়সে হরমোন চিকিৎসা শুরু করলে তা দীর্ঘায়ুর ওষুধের মতো কাজ করবে। তিনি জানান, হৃদরোগ বা আলঝেইমার প্রতিরোধে এই চিকিৎসা কার্যকর বলে প্রমাণিত হয়নি। ডিমেনশিয়া প্রতিরোধের দাবির বিষয়েও তিনি বলেন, এর পক্ষে কোনো প্রমাণ নেই, বরং বিপরীত দিকের শক্ত প্রমাণ রয়েছে।
স্তন ক্যানসারের ঝুঁকি কমার বিষয়েও তিনি ব্যাখ্যা দেন। তাঁর মতে, শুধু কনজুগেটেড ইকুইন ইস্ট্রোজেন, যেমন প্রেমারিন ওষুধটি, স্তন ক্যানসারের ঝুঁকি কমায় বলে দেখা গেছে। ইস্ট্রাডায়ল প্যাচের ক্ষেত্রে এমন কোনো প্রমাণ নেই।
ত্বকে দেওয়া ইস্ট্রোজেন, অর্থাৎ প্যাচ, জেল ও স্প্রে, মুখে খাওয়ার ইস্ট্রোজেনের তুলনায় রক্ত জমাট, স্ট্রোক, হৃদরোগ ও যকৃতের রোগের ক্ষেত্রে ঝুঁকির দিক থেকে ভালো, কারণ এগুলো যকৃতে বিপাক হয় না। ফলে এসব ঝুঁকিতে থাকা রোগীদের এই ওষুধই পাওয়া উচিত, কিন্তু সংকটের কারণে অনেকের পক্ষে তা পাওয়া কঠিন হয়ে পড়েছে।
২০২৫ সালের জুলাইয়ে এফডিএ একটি গোলটেবিল বৈঠক ডাকে, যেখানে কিছু মেনোপজ বিশেষজ্ঞের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সাররাও ছিলেন। সেই বৈঠকের পরপরই এফডিএ নিজের উপদেষ্টা কমিটিকে পাশ কাটিয়ে কিছু মেনোপজ চিকিৎসা থেকে ব্ল্যাক-বক্স সতর্কবার্তা তুলে নেওয়ার ঘোষণা দেয়। ফেব্রুয়ারিতে সেই পরিবর্তন আনুষ্ঠানিক হয় এবং অক্টোবরে আরও তিনটি পণ্য থেকে সতর্কবার্তা তুলে নেওয়ার ঘোষণা আসে। কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন, গত এক বছরে ইস্ট্রোজেন প্যাচের উৎপাদন দ্বিগুণ হলেও সংকট রয়ে গেছে।
ইউনিস কেনেডি শ্রাইভার ন্যাশনাল ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের উপপরিচালক ডরোথি ফিঙ্ক বলেন, সরবরাহ শক্তিশালী করা ও ওষুধের প্রাপ্যতা বাড়াতে তাঁরা উৎপাদকদের সঙ্গে কাজ করছেন। এফডিএর ওষুধ মূল্যায়ন ও গবেষণা কেন্দ্রের নিয়ন্ত্রক কর্মসূচির উপকেন্দ্র পরিচালক সারা ইব্রাহিম বলেন, গত কয়েক মাস অনেক রোগীর জন্য হতাশাজনক ছিল, তা তাঁরা জানেন।
সারনাক বলেন, এফডিএ সতর্কবার্তা তুলে নেওয়ার আগেই প্রেসক্রিপশন বাড়ছিল, আর এই সিদ্ধান্তের পর ওষুধ দেওয়া ও ব্যবহার আরও বাড়বে বলে তাঁরা ধারণা করছেন। তাঁর মতে, এই বার্তা অনেককে এই চিকিৎসা নিতে উৎসাহিত করতে পারে, যা বিদ্যমান সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
স্ট্রাইকারের মতে, সমস্যার আরেকটি দিক হলো অনেক চিকিৎসকই মেনোপজ বিশেষজ্ঞ নন। রোগী প্যাচ চাইলে চিকিৎসকরা সেটাই দিতে স্বচ্ছন্দ বোধ করেন, অথচ আরও সহজলভ্য অন্য অনেক ধরনের ওষুধ কারও কারও জন্য বেশি উপযুক্ত হতে পারে। তিনি বলেন, মৌখিক, ত্বকের মাধ্যমে, যোনিপথে ও সিস্টেমিকসহ হরমোন চিকিৎসার অনেক বিকল্প থাকলেও অনেক চিকিৎসক সেগুলোর সঙ্গে পরিচিত নন।
অক্টোবরে আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস মেনোপজ চিকিৎসা নিয়ে তাদের সুপারিশের পরিধি বাড়িয়েছে। সারনাক আরও বলেন, মেনোপজ রোগীদের মধ্যে বৈষম্যও রয়েছে। গত ২০ বছরের গবেষণায় দেখা গেছে, বর্ণ, জাতিগত পরিচয় ও বিমার মর্যাদা অনুযায়ী এই ওষুধ পাওয়ার সুযোগে পার্থক্য আছে, আর চাহিদা ও সংকটের এই সময়ে সেই প্রশ্নটিও তিনি খতিয়ে দেখতে চান।




