ক্যানসারের চিকিৎসার মাঝে হামে আক্রান্ত হয়ে মারা গেলেন মানিকছড়ির কলেজছাত্র হুমায়ূন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কলেজছাত্র হুমায়ূন কবির (২২) ক্যানসারের চিকিৎসা চলার মাঝে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হুমায়ূন মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। চলতি বছর ক্যানসারের দীর্ঘ ও বেদনাদায়ক চিকিৎসার মাঝেও তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন; অকৃতকার্য হলেও ভেঙে না পড়ে তিনি নতুন করে প্রস্তুতি নিচ্ছিলেন।
গত বছর এইচএসসি পরীক্ষার আগে তাঁর ব্লাড ক্যানসার শনাক্ত হয়। মানিকছড়ির লেমুয়া এলাকার দিনমজুর মিলন মিয়া ও গৃহিণী হনুফা বেগমের তিন ছেলের মধ্যে জ্যেষ্ঠ হুমায়ূন।
পরিবার জানিয়েছে, প্রাথমিক রোগনির্ণয়ের খরচ চালাতেই পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে উপজেলার কয়েকজন মানবাধিকারকর্মী ও সংবাদকর্মী তাঁর চিকিৎসার উদ্যোগ নেন এবং মানবিক সহায়তায় তহবিল সংগ্রহ করে তাঁকে চমেক হাসপাতালের হেমাটোলজি বিভাগে ভর্তি করা হয়।
চমেক হাসপাতালে দীর্ঘ সময় কেমোথেরাপি নেওয়ার পর হুমায়ূনের শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল হয়ে এসেছিল বলে পরিবার জানিয়েছে। তবে ফলোআপ থেরাপি চলার মাঝেই নভেম্বরের শুরুতে বাড়িতে থাকা অবস্থায় তিনি হামে আক্রান্ত হন।
প্রথমে তাঁকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রচণ্ড জ্বরে অবস্থার অবনতি হলে ১৮ নভেম্বর তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
পরীক্ষা-নিরীক্ষায় তাঁর নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতা ধরা পড়ে। ২২ নভেম্বর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং ওই রাতেই তাঁর মৃত্যু হয়।
হুমায়ূনের বাবা মিলন মিয়া বলেন, তাঁর পক্ষে সন্তানের ক্যানসারের চিকিৎসা চালানো সম্ভব ছিল না; মানবাধিকারকর্মীদের উদ্যোগে ও সবার সহযোগিতায় ছেলের ফলোআপ থেরাপি চলছিল, কিন্তু হামে আক্রান্ত হওয়ার পর তাঁকে বাঁচানো যায়নি। তিনি ও তাঁর পরিবার সবার কাছে ঋণী বলে তিনি জানান।
মানবাধিকারকর্মী মো. মুছা মিয়া বলেন, হুমায়ূন প্রায় দুই বছর ধরে মানবিক সংগঠন ও সাধারণ মানুষের অর্থসহায়তায় চিকিৎসা চালাচ্ছিলেন। ২৪টি কেমোথেরাপির মধ্যে ৮টি সম্পন্ন হয়েছিল এবং ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয়ে ক্যানসার চিকিৎসার পথ অনেকটা পেরিয়ে এসে তাঁকে হামের কাছে হার মানতে হলো।
রোববার বাদ জোহর লেমুয়া মসজিদ মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে হুমায়ূনকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে পরিবার, মানবিক কর্মী, সহপাঠী, শিক্ষক, রাজনীতিবিদ ও প্রশাসনের মধ্যে শোক নেমে এসেছে। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়াসহ মানবিক কর্মী, সাংবাদিক, শিক্ষক ও সামাজিক ব্যক্তিরা তাঁর বাড়িতে যান।



