১১ বছরের মধ্যে প্রথমবার বাড়ল জাপানে জন্মহার, প্রথমার্ধে জন্ম ৩ লাখ ২০ হাজার

চলতি বছরের প্রথমার্ধে জাপানি নাগরিকদের সন্তান জন্মের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ১১ বছরের মধ্যে এটিই জাপানে প্রথমবার জন্মহার বৃদ্ধির ঘটনা।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটিতে সন্তান জন্মের সংখ্যা ১ হাজার ৩৭৯টি বেড়ে ৩ লাখ ২০ হাজার ৪৫৮টিতে দাঁড়িয়েছে।
কোভিড-১৯ মহামারির সময়ে দীর্ঘদিন ধরে বিয়ের সংখ্যা কমতে থাকার পর ২০২৪ সালে বিয়ের সংখ্যা বেড়ে যাওয়ার ইতিবাচক প্রভাব এই জন্মহার বৃদ্ধিতে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে জাপানে বিয়ের সংখ্যা আগের তুলনায় ৭০৮টি কমে ২ লাখ ২৯ হাজার ৪৫৮টিতে নেমে এসেছে।
এ ছাড়া বিদেশে জন্ম নেওয়া জাপানি নাগরিক এবং জাপানে জন্ম নেওয়া বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্ত করে সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক জন্মের সংখ্যা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৫ লাখ ২৩ হাজার ৩০৪টিতে দাঁড়িয়েছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, পুরো বছরের চূড়ান্ত সংখ্যা বাড়বে না কমবে, তা এখনই বলা যাচ্ছে না।
জাপানের ৪৭টি প্রদেশের মধ্যে ২৪টিতে জন্মের সংখ্যা বেড়েছে, যার মধ্যে শহরাঞ্চলেই বৃদ্ধির প্রবণতা বেশি দেখা গেছে। টোকিওতে প্রথমার্ধে সর্বোচ্চ ৪১ হাজার ৭৪৫টি জন্ম রেকর্ড করা হয়েছে, যা আগের বছরের চেয়ে ১ হাজার ৮৬৪টি বেশি। এরপর রয়েছে ওসাকা (২৫ হাজার ৪৩১টি, বৃদ্ধি ২৯২টি), কানাগাওয়া (২৩ হাজার ৯৬১টি, বৃদ্ধি ১২২টি), আইচি (২১ হাজার ৩২৫টি, বৃদ্ধি ৩৯২টি), সাইতামা (১৮ হাজার ৪৮৯টি, বৃদ্ধি ৮৮টি), চিবা (১৫ হাজার ৯৪৬টি, বৃদ্ধি ১২১টি) এবং ফুকুওকা (১৫ হাজার ২৯৪টি, বৃদ্ধি ৩০৮টি)।
অন্যদিকে টোটোরিতে জন্মের সংখ্যা সবচেয়ে কম—১ হাজার ৩৮৩টি, যদিও সেখানে ৭টি জন্ম বেড়েছে। এর পরের অবস্থানে রয়েছে আকিতা (১ হাজার ৪০২টি, কমেছে ৪৫টি), কোচি (১ হাজার ৪৫৪টি, কমেছে ৩৯টি), শিমানে (১ হাজার ৫৪৮টি, কমেছে ৪৩টি) এবং তোকুশিমা (১ হাজার ৭১০টি, কমেছে ৬টি)। ইশিকাওয়া, নিইগাতা এবং তোচিগি প্রদেশে যথাক্রমে ৪১৬টি, ৩৩০টি ও ২৫৮টি জন্ম কমেছে।
১৯৭৫ সাল থেকেই জাপানে বার্ষিক জন্মের সংখ্যা নিম্নমুখী রয়েছে। ২০১৬ সালে এই সংখ্যা ১০ লাখের নিচে এবং ২০২৪ সালে ৭ লাখের নিচে নেমে আসে। ২০২৫ সালে জাপানে জন্মের সংখ্যা ছিল ৬ লাখ ৭১ হাজার ২৭০টি, যা টানা দশম বছরের মতো সর্বনিম্ন রেকর্ড ছিল।
ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চের পূর্বাভাসের তুলনায় জাপানে জন্মহার কমার গতি প্রায় ১৫ বছর এগিয়ে রয়েছে। এই নিম্নমুখী ধারা ঠেকাতে জাপান সরকার শিশু ভাতা সম্প্রসারণসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।




