ব্যাটিং ধস আর ‘গেম সেন্স’ নিয়ে কাজ চলছে, ইস্ট লন্ডনে ঘুরে দাঁড়ানোর আশা তাসকিনের

ব্যাটিংয়ে নামলেই মুড়ি-মুড়কির মতো উইকেট পতন, অথচ সেই দলই বোলিং করার সময় পিচ হয়ে যায় ব্যাটিংবান্ধব—বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে একের পর এক ম্যাচ হারছে বাংলাদেশ। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদও এ নিয়ে উদ্বিগ্ন।
ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর ঘরে-বাইরে মিলিয়ে টানা ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ। এশিয়ান গেমস ক্রিকেটে ভারত-পাকিস্তানের বিপক্ষেও জিততে পারেননি লিটন দাস-মোস্তাফিজুর রহমানরা। এই সময়ে দুটি টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে, আর সেই দুই ম্যাচ শেষ হয়েছে আড়াই দিনেই। এ ছাড়া ২০২৬ সালে ওয়ানডেতে পাঁচবার ৫০ ওভারের আগেই গুটিয়ে গেছে দল।
আউটের ধরন এতটাই দৃষ্টিকটু যে অনেক সময় ক্রিকেটারদের ‘গেম সেন্স’ নিয়েও প্রশ্ন ওঠে। সংবাদ সম্মেলনে তাসকিনের কথাতেও দেখা গেছে চিন্তার ছাপ। তিনি বলেন, ‘সেটা নিয়ে অবশ্যই কাজ হচ্ছে। গত বেশ কিছু ম্যাচে চাপের মুখে আমাদের ধস নেমেছে। কয়েকটা ম্যাচে ৫০ ওভার ব্যাটিংও করা হয়নি। সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে। আশা করি, দ্রুত মাঠে এগুলোর প্রতিফলন আসবে ইনশা আল্লাহ।’
ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের ক্রিকেটে নতুন কিছু নয়। টপ অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিম-নাজমুল হোসেন শান্তদের ব্যাটে রান নেই। লিটন দাস টেস্টে ভালো করলেও সাদা বলের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স আশানুরূপ নয়; ওয়ানডেতে এরই মধ্যে ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।
তাসকিন বলেন, ‘যারা মূলত ব্যাটার, তারাও তো কেউ ইচ্ছা করে ব্যর্থ হতে চায় না। যখন ব্যর্থ হয়েছে, কাজ করে যাচ্ছে। আশা করি, এই সিরিজ থেকে ভালো করা শুরু হবে ইনশা আল্লাহ। গেম প্ল্যান, গেম অ্যাওয়ারনেস ঠিক রেখে কীভাবে জেতা যায়, সেভাবেই সবাই প্রস্তুত হচ্ছি।’
দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে দল, হারের ধরনও ছিল দৃষ্টিকটু। তবে তাসকিনের আশা, টেস্টের ব্যর্থতা ভুলে সাদা বলের সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
এবারের ওয়ানডে সিরিজে তিন স্পিনার ও চার পেসার নিয়ে দল গঠন করেছে বাংলাদেশ। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন বিভাগে আছেন তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। পেস বিভাগে তাসকিনের সঙ্গে আছেন সৈয়দ খালেদ আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
ইস্ট লন্ডনের উইকেট নিয়ে তাসকিন বলেন, ‘আমরা যেখানে অনুশীলন করেছি, বল অনেক গ্রিপ করছিল। সবার কাটার অনেক ধরছিল। মাঠে এমন নাও হতে পারে। পিচ স্লো হলে সেরকম বোলিং করতে হবে। সাধারণত শুনে থাকি দক্ষিণ আফ্রিকা মানেই সিম মুভমেন্ট হবে। এখন গ্রীষ্ম আসছে তো, একটু ফ্ল্যাট হচ্ছে। মাঠে নামলেই বোঝা যাবে, উইকেট কেমন আচরণ করছে।’
ইস্ট লন্ডনে ১ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ৪ ডিসেম্বর হবে গেবেখায়, আর তৃতীয় ওয়ানডে ৭ ডিসেম্বর কেপটাউনে।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) অক্টোবরে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। গ্রুপ পর্বে বাংলাদেশের পাঁচ ম্যাচের মধ্যে দুটি ডারবানে, আর একটি করে ম্যাচ সেঞ্চুরিয়ন, ইস্ট লন্ডন ও উইন্ডহোকে। এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘তাহলে তো ভালো। যদি ভালো খেলি, ঐ ম্যাচে (বিশ্বকাপে) বাড়তি অনুপ্রেরণা থাকবে।’


