ফরিদপুরে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, কর্মী আহত, আটক ২

ফরিদপুর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বের করা বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে সুজন বেপারী (৩৫) নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে রাত সোয়া ৯টার দিকে শহরের পূর্বখাবাসপুর মহাকালী মোড় এলাকা থেকে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের নেতৃত্বে মিছিলটি বের হয়।
মিছিলে জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছিলেন।
মিছিলটি কোতোয়ালি থানার সামনে দিয়ে জনতা ব্যাংকের মোড়ে পৌঁছালে অতর্কিতভাবে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত সুজন বেপারীকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
আহত সুজন বেপারী জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার আব্বাস বেপারীর ছেলে। নেতা-কর্মীরা জানিয়েছেন, তিনি বিএনপির সক্রিয় কর্মী।
রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সরোজিৎ দাস জানান, আহত সুজন বেপারীর ডান হাত ও দুই পায়ে রক্তাক্ত আঘাত রয়েছে। এ ছাড়া তাঁর পায়ে কিছুটা ঝলসানো দাগও রয়েছে।
ঘটনার পরপরই পাশের একটি বাণিজ্যিক ভবনের ভেতর থেকে সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিএনপির নেতা-কর্মীরা। আটক দুজন হলেন জেলা সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুর মঙ্গলপাড়া এলাকার হাসান চৌধুরীর ছেলে শাওন চৌধুরী (২৫) এবং একই এলাকার মোস্তাক মণ্ডলের ছেলে বাকের আলী মণ্ডল (২৬)।
জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন দাবি করে বলেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম। ঠিক জনতা ব্যাংকের মোড়ে পৌঁছালে আমাদের ওপর ককটেল নিক্ষেপ করা হয়। ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে, এরা আওয়ামী সন্ত্রাসী।’
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। থানা-পুলিশের হেফাজতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




