উপদেষ্টা পরিষদ গঠন করছে জামায়াত, জেলা ও মহানগর আমির নির্বাচনেও আসছে প্যানেল পদ্ধতি

উপদেষ্টা পরিষদ গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা। এই পরিষদের কাঠামো, পরিধি ও কার্যক্রমের বিষয়ে প্রস্তাব তৈরির জন্য জ্যেষ্ঠ নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলামের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সুপারিশের ভিত্তিতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে আলোচনার পর ‘উপদেষ্টা পরিষদ’ নামে একটি নতুন ধারা বা অধ্যায় জামায়াতের গঠনতন্ত্রে যুক্ত করা হবে। এ ছাড়া কেন্দ্রীয় আমির নির্বাচনের মতো জেলা ও মহানগর আমির নির্বাচনেও তিন সদস্যের প্যানেল করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত; মজলিসে শুরা এতেও অনুমোদন দিয়েছে।
গত শনিবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এসব সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতের দায়িত্বশীল একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিকেলে বলেন, ‘কেন্দ্রীয় মজলিসে শুরা উপদেষ্টা পরিষদ গঠনের অনুমোদন দিয়েছে। এ পরিষদের পরিধি ও কার্যক্রম নির্ধারণে একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রস্তাব পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তের আলোকে বিষয়টি গঠনতন্ত্রে যুক্ত করা হবে।’
দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে জামায়াতে উপদেষ্টা পরিষদ গঠনের আলোচনা শুরু হয়, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গতি পায়। বিদ্যমান পদ্ধতিতে জামায়াতের নেতৃত্বে আসতে হলে দলের ‘রুকন’ (শপথধারী সদস্য) হওয়া বাধ্যতামূলক। তবে দলের প্রতি সহানুভূতিশীল অনেক অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তি রয়েছেন, যাঁরা সাংগঠনিক প্রক্রিয়ার বাইরে; তাঁদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এই উদ্যোগ।
পরিকল্পনা অনুযায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও কূটনীতিবিদসহ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের এই পরিষদে যুক্ত করার কথা ভাবা হচ্ছে। অন্য ধর্মাবলম্বীদের মধ্য থেকেও প্রতিনিধি রাখার প্রস্তাব রয়েছে। উপদেষ্টারা নিয়মিত সাংগঠনিক দায়িত্বে না থেকেও দলের নীতিনির্ধারণী বিষয়ে মতামত দিতে পারবেন। তবে পরিষদের সদস্যসংখ্যা ও ক্ষমতা এখনো চূড়ান্ত হয়নি।
জামায়াতের কেন্দ্রীয় আমির নির্বাচনে তিন সদস্যের প্যানেল করার বিধান থাকলেও তৃণমূল পর্যায়ে তা ছিল না। এত দিন সংশ্লিষ্ট শাখার রুকনদের গোপন ভোটে দুই বছরের জন্য জেলা ও মহানগর আমির নির্বাচিত হতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে সংশ্লিষ্ট শাখার মজলিসে শুরা তিন সদস্যের একটি প্যানেল তৈরি করে কেন্দ্রে পাঠাবে; এরপর সেই প্যানেলের ওপর ভিত্তি করে রুকনদের ভোটে আমির নির্বাচিত হবেন।
জামায়াতের জেলা পর্যায়ে বছরের পর বছর একই ব্যক্তির নেতৃত্বে থাকা নিয়ে সম্প্রতি দলের ভেতরেও আলোচনা হয়েছে; এর মধ্যেই আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তনের সিদ্ধান্ত এল। সারা দেশে জেলা ও মহানগর মিলিয়ে জামায়াতের ৭৯টি সাংগঠনিক শাখা রয়েছে। সম্প্রতি ২০২৭–২৮ মেয়াদের জন্য একসঙ্গে ৭৭টি শাখার নির্বাচিত আমিরের নাম ঘোষণা করে দলটি। এর মধ্যে ৫১টি শাখাতেই আগের আমিররা পুনর্নির্বাচিত হয়েছেন; তাঁদের মধ্যে অন্তত ১০ জেলার আমির এক দশক বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। ঝালকাঠিতে একই ব্যক্তি ২২ বছর ধরে জেলা আমিরের দায়িত্বে রয়েছেন।
তবে এবার খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, জয়পুরহাট, বরিশাল, রাজবাড়ী ও খুলনাসহ বেশ কিছু জেলায় দীর্ঘদিনের নেতৃত্বে পরিবর্তনও এসেছে।
সভায় আগামী বছরের জন্য জামায়াতের বার্ষিক পরিকল্পনা ও বাজেট অনুমোদন ছাড়াও নতুন শুরা সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দলের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। এতে বিশেষ গুরুত্ব পেয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি। গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর রংপুর এবং ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ করে ১১-দলীয় ঐক্য; ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ করার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়।
সভা থেকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ এবং গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে সরকারের কাছে প্রস্তাব তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।
সমাপনী বক্তব্যে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান দলের দায়িত্বশীলদের নৈতিক, রাজনৈতিক ও সাংগঠনিক মান উন্নয়নের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপরও জোর দেন তিনি।




