পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের সব পর্যায়ের সদস্যদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পেশাগত নিরপেক্ষতা যাচাই করছে সরকার। মাঠপর্যায়ে পুলিশের কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাহিনীর বিভিন্ন পর্যায়ে পদায়নের আগে এই যাচাই চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র বলছে, এই উদ্যোগ পুলিশ সদস্যদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, অতীত কর্মকাণ্ড ও বর্তমান পেশাগত নিরপেক্ষতা যাচাইয়ের অংশ। সরকার যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিরপেক্ষ ও পেশাদার সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করতে চায়। এর আগেও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে বিভিন্ন সময়ে এ ধরনের তথ্য সংগ্রহ ও তদন্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মাঠপর্যায়ের সদস্যদের ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক পরিচয় সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে চলতি নভেম্বরে পুলিশের অন্তত ৮৪ জন ক্যাডার কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে এবং ১৮ জনকে প্রত্যাহার করা হয়েছে। দুই পুলিশ সুপারসহ (এসপি) চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বদলি, প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও নেতৃত্ব দিতে না পারার অভিযোগ, আবার কারও বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও তথ্য পাচারের অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কিছু কর্মকর্তা ও সদস্যের যোগাযোগ রাখার অভিযোগ ওঠায় পুলিশ বাহিনীতে নজরদারি বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন সদস্যদের ওপর নজরদারি রাখা হচ্ছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, মাঠপর্যায়ের উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শকদের (এএসআই) গ্রাম, থানা ও জেলার তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট সদস্যদের বর্তমান ঠিকানা, পরিবারের সদস্য, আত্মীয়তার সম্পর্ক এবং রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্যাডার কর্মকর্তাদের বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক অতিরিক্ত ডিআইজি বলেন, মাঠপর্যায়ে কর্মরত পরিদর্শক, এসআই ও এএসআইদের অনেকে নিষ্ক্রিয় রয়েছেন। তাঁদের কেউ কেউ বিগত সরকারের আমলে নানা সুবিধা নিয়েছেন এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করেছেন, এখন অবস্থান পরিবর্তন করে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এতে তাঁদের পেশাদারত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সদস্যকে চিহ্নিত করতেই তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে তিনি জানান।
রাজশাহী রেঞ্জের একটি জেলার নাম প্রকাশে অনিচ্ছুক একজন অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশের সবাই যে সরকারকে সহযোগিতা করছেন, এমন নয়। কেউ কেউ নিজেদের গা বাঁচিয়ে চাকরি করছেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তথ্য বাইরে প্রচার করছেন। আবার পতিত সরকারের সময়ে পুলিশ প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ কেউ এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এসব যাচাই-বাছাই করে সঠিক ব্যক্তিদের পদায়নের চেষ্টা করছে সরকার বলে তিনি জানান।
তবে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুন মুনিরা বলেন, পুলিশে বদলি ও প্রত্যাহারের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এগুলো পুলিশের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম। পুলিশে শৃঙ্খলা, জবাবদিহি ও পেশাদারত্ব নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চলমান রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যেই ১০ দিন আগে গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছিল। ১০ দিনের ব্যবধানে তাঁকে ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি ও সংযুক্ত করা হয়েছে। গত জুলাইয়ে আড়াই মাসের কম সময়ের ব্যবধানে পাবনার এসপি মো. ছুফি উল্লাহকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়। সম্প্রতি তাঁকে নওগাঁর এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
সন্দেহভাজন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মাঠপর্যায়ের নেতৃত্বে রদবদলে পুলিশ বাহিনীর অনেক সদস্য নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন অতিরিক্ত উপকমিশনার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সোয়া দুই বছর পরও পুলিশ বাহিনী মনোবল পুরোপুরি ফিরে পায়নি। প্রমাণ ছাড়া অভিযোগের ভিত্তিতে কর্মকর্তাদের গ্রেপ্তার এবং হঠাৎ বদলি ও প্রত্যাহারে একধরনের ভীতি তৈরি হয়েছে।
তথ্য যাচাই ও গোয়েন্দা প্রতিবেদন দেখে এসব সমস্যার সমাধান সম্ভব কি না, জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েকবার তথ্য যাচাই-বাছাই করে পদায়ন করা হয়েছিল, সেগুলো খুব বেশি কাজে আসেনি। তাঁর ভাষায়, পুলিশ কর্মকর্তা নিজে থেকে দায়িত্ববান না হলে কোনো প্রতিবেদনই কাজে আসে না। তবে যেগুলো রাজনৈতিক নিয়োগ, সেগুলো যাচাই-বাছাই করা জরুরি, তা না হলে বাহিনী চালানো কঠিন।
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে পুলিশ ৪৮৪ বার হামলার শিকার হয়েছে। এর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ৪২টি করে, মার্চে ৬৩, এপ্রিলে ৬৬, মে মাসে ৫৫, জুনে ৪৯, জুলাইয়ে ৪২, আগস্টে ৪১, সেপ্টেম্বরে ৪০ এবং অক্টোবরে ৪৪টি হামলার ঘটনা নথিতে রয়েছে। কোনোটি আসামি ধরতে গিয়ে, কোনোটি মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে, আবার কোনোটিতে আন্দোলন দমনের সময় সদস্যরা হামলার শিকার হয়েছেন।




