সব ধর্মের মানুষ মিলেই দেশটাকে গড়তে হবে: বড়লেখায় মণ্ডপ পরিদর্শনে এমপি জহরত চৌধুরী
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার জাতি, ধর্ম নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা দিতে বদ্ধপরিকর। সব ধর্মের মানুষ মিলেই আমাদের দেশটাকে গড়তে হবে।
তিনি বলেন, মসজিদের ইমাম-মোয়াজ্জিনের সম্মানী ভাতার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মন্দিরের পুরোহিত ও গির্জায় প্রার্থনাকারী ফাদারদেরও ভাতা প্রদানের ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার। আমাদের প্রধানমন্ত্রীর স্লোগান হচ্ছে — ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাইকে নিয়েই দেশটাকে গড়তে হবে।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর, উত্তর শাহবাজপুর, দাসেরবাজার ইউনিয়ন, বড়লেখা পৌরসভাসহ বিভিন্ন এলাকার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি মণ্ডপ ও পূজা উদযাপন কমিটি, পূজা অর্চনাকারী ও দর্শনার্থীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং নিরাপত্তার খোঁজখবর নেন। এছাড়া তিনি এলাকার নানা সমস্যার কথা শুনেন এবং উন্নয়নের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, বিএনপি নেতা মুজিবুর রাজা চৌধুরী, আব্দুল মইদ চৌধুরী, হারুনুর রশীদ, প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ইউপি সদস্য আনিছ আহমদ, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী আব্দুল বাছিত সেলিম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, বিএনপি নেতা জালাল আহমদ তালাল প্রমুখ।



