…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণ গেল তিন প্রহরীর

নিজস্ব প্রতিবেদক

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার লক্ষ্য ছিল গাজা সিটির একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ উপত্যকার বিভিন্ন এলাকা।

গাজা সিটির ইসলামিক ইউনিভার্সিটি ক্যাম্পাসে রোববার বিমান হামলায় তিন নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। কয়েক ঘণ্টার ব্যবধানে প্রতিষ্ঠানটিতে এটি ছিল দ্বিতীয় হামলা।

হামলার পরপরই ঘটনাস্থল থেকে আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানান, হামলার পরের চিত্র ছিল ভয়াবহ; মাটিতে রক্তের দাগ ও ছিন্নবিচ্ছিন্ন দেহাংশ পড়ে ছিল, জ্বলন্ত কংক্রিটের সঙ্গে মিশে ছিল রক্তের গন্ধ। তিনি বলেন, তাঁর দল ঘটনাস্থলে চিত্রধারণ শেষ করে তিন প্রহরীকে শুভেচ্ছা জানিয়ে এসেছিল, এরপরই হামলায় তাঁরা নিহত হন। চারদিকে শ্রাপনেল উড়ে আসার শব্দ শোনা যাচ্ছিল বলেও জানান তিনি।

এর আগে একই ক্যাম্পাসে ড্রোন হামলায় শ্রাপনেলের আঘাতে সাত ছাত্রী আহত হন। গুরুতর আহত একজনকে কাছের একটি ফিল্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।

দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসিতে ইসরায়েলি গোলাবর্ষণে দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে নাসের মেডিকেল কমপ্লেক্স। ওই ঘটনায় একটি শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

মধ্য গাজার দেইর এল-বালাহর পূর্বে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া উত্তর গাজার হামাদ হাসপাতালের কাছে আল-রশিদ সড়কে হামলায় আরেকজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে।

ফিলিস্তিনের পপুলার রেজিস্ট্যান্স কমিটিস বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলি লঙ্ঘন থামাতে মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক নিশ্চয়তাদাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজার উচ্চশিক্ষা ক্যাম্পাসগুলোর প্রায় ৯৫ শতাংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাহমুদ জানান, রোববারের হামলার আগেই ইসলামিক ইউনিভার্সিটির অধিকাংশ ভবন ধ্বংস হয়ে গিয়েছিল; মাত্র কয়েকটি ভবন আংশিকভাবে দাঁড়িয়ে ছিল। তাঁর ভাষায়, এই ঘটনা মনে করিয়ে দেয় যে নিরাপত্তার অনুভূতি শিক্ষার্থীদের জন্যও এখনো নাগালের বাইরে।

গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ হিসাবে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে অন্তত ১ হাজার ৫৫১ জন নিহত ও ৫ হাজার ৫৭৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় মোট মৃতের সংখ্যা ৭৪ হাজার ৫৪৪ এবং আহত অন্তত ১ লাখ ৭৫ হাজার ৬৯২ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা এখন ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে বা তার বিধিনিষেধের আওতায় রয়েছে। ক্রসিং বন্ধ থাকা ও সহায়তার আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় গাজায় খাদ্য সংকট আরও তীব্র হচ্ছে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

ইসরায়েলের ভোটে নেতানিয়াহুর জোটের চাবিকাঠি হতে পারেন জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির
আন্তর্জাতিক

ইসরায়েলের ভোটে নেতানিয়াহুর জোটের চাবিকাঠি হতে পারেন জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির

ইসরায়েলে মঙ্গলবারের (২৭ অক্টোবর) নির্বাচনের আগে জরিপে দেখা যাচ্ছে, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের দল ওৎজমা ইয়েহুদিত ১২০ আসনের নেসেটে সাত …

আন্তর্জাতিক

সিইসির পদত্যাগ দাবিতে ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের ডাক ‘ইনডিয়া’ জোটের

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১ নভেম্বর রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিজেপ…

আন্তর্জাতিক

সৌদিতে হামলার জেরে রিয়াদ ও দাম্মামে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে বিমানবন্দরগুলোতে চলমান হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান …

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধের মূল্য দিচ্ছে দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী শিশুরা: বন্ধ বিশেষ স্কুল, থমকে পড়াশোনা

গাজা সিটিতে ১৩ বছর বয়সী কেনান আল-সাবা বাবার সাহায্যে তার নষ্ট হয়ে যাওয়া শ্রবণযন্ত্রটি ঠিক করার চেষ্টা করে। যন্ত্রটির প্লাস্টিকের নল ও রাবারের কানের…