হবিগঞ্জে অন্য চিকিৎসকের পরিচয়ে রোগী দেখছিলেন, চেম্বার থেকে ভুয়া চিকিৎসক আটক

হবিগঞ্জ শহরে অন্য চিকিৎসকের পরিচয় ও চিকিৎসাপত্র ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে আরিফ মিয়া নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে এসআরবি-৯।
রবিবার (২৫ অক্টোবর) রাতে শহরের শায়েস্তানগর এলাকার মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
জেলা প্রশাসন ও এসআরবি সূত্রে জানা গেছে, আরিফ মিয়া ডা. মীর মাহবুবুর রহমানের পরিচয় ব্যবহার করে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন। তাঁর সঙ্গে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা এবং এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
অভিযান চলাকালে চার রোগীকে অন্য চিকিৎসকের পরিচয় ব্যবহার করে চিকিৎসা দেওয়া ও ব্যবস্থাপত্র লেখার সময় আরিফ মিয়াকে পাওয়া যায়। এ সময় তিনি নিজের চিকিৎসাসংক্রান্ত সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে তাঁকে আটক করে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন জানিয়েছেন, আরিফ মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মোশাররফ হোসেন সাগর জানান, অভিযুক্ত ব্যক্তিকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। বিভিন্ন স্থানে চিকিৎসক পরিচয়ে প্রতারণা করে আসছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁকে ভ্রাম্যমাণ আদালতে না দিয়ে নিয়মিত মামলা করা হয়েছে বলে তিনি জানান।




