…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশই অসংক্রামক রোগে, বড় কারণ খাবারে ভেজাল: সেমিনারে বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশই অসংক্রামক রোগে, বড় কারণ খাবারে ভেজাল: সেমিনারে বিশেষজ্ঞরা
ছবি: সংগৃহীত

খাবারে ভেজাল, ক্ষতিকর রাসায়নিকের অবশিষ্টাংশ এবং নজরদারির ঘাটতি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। রোববার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) আয়োজিত ষষ্ঠ জাতীয় কারিগরি সেমিনারে এসব কথা উঠে আসে।

বিশ্ব ডিম দিবস ও বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘ফুড সেফটি সুশাসন: নিরাপদ ভবিষ্যতের জন্য নীতি, বিজ্ঞান ও বাস্তব প্রয়োগের মধ্যে নেতৃত্বদান’। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, গবেষণা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সেমিনারে ‘কৃষি ও নিরাপদ খাদ্য: জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই উন্নয়নের অভিন্ন ভিত্তি’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক মো. ওয়াকিলুর রহমান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৬ সালের সমীক্ষা অনুযায়ী বিশ্বে প্রতিবছর প্রায় ৮৬ কোটি ৬০ লাখ মানুষ অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে অসুস্থ হন, অর্থাৎ প্রতি ৯ জনে ১ জন, এবং প্রাণ হারান প্রায় ১৫ লাখ ২০ হাজার মানুষ। তাঁর ভাষ্য, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশের জন্য দায়ী অসংক্রামক রোগ, যার প্রধান কারণ খাদ্যে ভেজাল।

ওয়াকিলুর রহমান বলেন, গবেষণায় দেখা গেছে বাংলাদেশে এই ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছেন কৃষকেরা। অত্যধিক ঘাম, মাথাব্যথা, শরীরব্যথা, ত্বকের সমস্যা, বমি বমি ভাব, মাথা ঝিমঝিম করা এবং শ্বাসের সমস্যা কৃষকদের এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

তাঁর প্রবন্ধের ওপর আলোচনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক মো. আরিফুল ইসলাম ঝুঁকিভিত্তিক নিয়মিত নজরদারি এবং পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানোর কথা বলেন। বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ‘ওয়ান হেলথ’ পদ্ধতি অনুসরণ এবং উৎপাদনস্থল থেকেই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জসীম উদ্দীন খাদ্য উৎপাদনে কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি তুলে ধরে উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থায় নজরদারি বা ‘ফার্ম টু ফর্ক’ পদ্ধতি কার্যকর করার ওপর গুরুত্ব দেন। কৃষকদের উত্তম কৃষিচর্চা বা গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস (জিএপি) বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন।

প্রাণিসম্পদ ও মৎস্যবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক কে এইচ এম নাজমুল হুসাইন নাজির। তিনি বলেন, বাংলাদেশে খাদ্যনিরাপত্তায় কার্যকর সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকার, শিল্পপ্রতিষ্ঠান, পেশাজীবী ও ভোক্তাদের সমন্বয়ে একটি সমন্বিত, ঝুঁকিভিত্তিক ও সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

এই প্রবন্ধের ওপর আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক সঙ্গীতা আহমেদ বলেন, দেশে আইনের অভাব নেই, কিন্তু প্রয়োগের ঘাটতি রয়েছে। একাধিক সংস্থা কাজ করলেও তাদের মধ্যে সমন্বয়ের অভাবে কার্যকর ফল পাওয়া কঠিন হয়ে পড়ে। তাঁর মতে, শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি আগে থেকে জনসচেতনতা বাড়ানো জরুরি, এবং গবেষণার ফলাফল সংরক্ষণ ও ব্যবহারের জন্য একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার প্রতিষ্ঠা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, এত দিন কীটনাশক আমদানির অনুমতি দেওয়া হলেও আমদানি পর্যায়ে পরীক্ষার কার্যকর ব্যবস্থা ছিল না; বর্তমান সরকার বন্দরে কীটনাশক পরীক্ষা ও যাচাইয়ের ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। তিনি কৃষকদের কৃষিবিষয়ক জ্ঞান বাড়ানো, কৃষি উদ্যোক্তা তৈরি এবং উৎপাদন, বিপণন ও নিয়ন্ত্রণসংক্রান্ত নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড অনুযায়ী খাদ্যনিরাপত্তা নীতি অনুসরণ করতে হবে। আগামী বছর কাঁঠাল ও আনারস রপ্তানির পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

সেমিনারে সেন্টার ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনালের (সিএবিআই) বাংলাদেশ প্রতিনিধি সালেহ আহমেদ কীটনাশকের ব্যবহারবিধি অনুসরণ, স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আইন কঠোরভাবে প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জানান, সিএবিআই বাংলাদেশসহ মোট ২৭টি দেশে কীটনাশক ডিলারদের বাধ্যতামূলক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে।

মৎস্য বিভাগের মহাপরিচালক খালেদ কনক জানান, বাংলাদেশ ৫২টি দেশে মাছ রপ্তানি করে, যার বাজারমূল্য ৬ হাজার ১০০ কোটি টাকা। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে চিংড়ি ও সামুদ্রিক মাছ আমদানি করে; তবে অ্যাকুয়াকালচার পদ্ধতিতে উৎপাদিত মাছের ক্ষেত্রে প্রথমে দুই বছর ধরে পরিদর্শন করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সৌদি আরবে অ্যাকুয়াকালচারে উৎপাদিত মাছ রপ্তানি নিয়েও আলোচনা চলছে, এবং ‘রেডি টু কুক ও রেডি টু ইট’ খাদ্যপণ্যের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও তিনি জানান।

বিএসএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্যসচিব জীবুন্নাহার খন্দকার। পরে বিএসএসএফের বার্ষিক প্রকাশনা ‘সেফ ফুড ডাইজেস্ট’-এর মোড়ক উন্মোচন ও বিতরণ করা হয়। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন এবং বাংলাদেশ খাদ্যনিরাপত্তা অথরিটির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

হবিগঞ্জে অন্য চিকিৎসকের পরিচয়ে রোগী দেখছিলেন, চেম্বার থেকে ভুয়া চিকিৎসক আটক
স্বাস্থ্য

হবিগঞ্জে অন্য চিকিৎসকের পরিচয়ে রোগী দেখছিলেন, চেম্বার থেকে ভুয়া চিকিৎসক আটক

হবিগঞ্জ শহরে অন্য চিকিৎসকের পরিচয় ও চিকিৎসাপত্র ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে আরিফ মিয়া নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে এসআরবি-৯।…

মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ, উৎস নিয়ে প্রশ্ন
স্বাস্থ্য

মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ, উৎস নিয়ে প্রশ্ন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মনসুর ধুল্যা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পড়ে থাকতে দেখা গেছে। রোববার (২৫ অক্টোবর) সক…

স্বাস্থ্য

বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারির বর্ণাঢ্য র‍্যালি, পোলিওমুক্ত বিশ্বের ডাক

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য র‍্যালি করেছে রোটারি ইন্টারন্যাশনাল। হাতিরঝিল লেক রোডে আয়োজিত এই র‍্যালিতে পোলিও নির্মূলে বিশ্বব্যাপ…

ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৪৯ জন
স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৪৯ জন

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ২৪৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতা…