যুক্তরাষ্ট্রে আসন পুনর্বিন্যাসে রিপাবলিকানদের হিসাব মিলছে না: ১৫ আসনের মাত্র ৫টি নিরাপদ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানদের পরিকল্পনা ছিল কংগ্রেসের আসনগুলোর সীমানা নতুন করে এঁকে নিজেদের পক্ষে সাজানো এবং মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিকভাবে হওয়া বড় পরাজয়ের ধারা এড়ানো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর থেকে রিপাবলিকান-শাসিত রাজ্যগুলোকে ঠিক সেই কাজটি করতে চাপ দিয়ে আসছেন, তবে হিসাবটি প্রত্যাশা অনুযায়ী মিলছে না।
রিপাবলিকানদের পক্ষে যাওয়ার জন্য বিশেষভাবে আঁকা ১৫টি আসনের মধ্যে মাত্র পাঁচটিকে কুক পলিটিক্যাল রিপোর্ট ‘সম্ভাব্য’ বা ‘নিশ্চিত’ রিপাবলিকান হিসেবে মূল্যায়ন করেছে। বাকিগুলোর বেশির ভাগই এখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসন অথবা ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে থাকা আসন।
এর ফলে রিপাবলিকানরা এমন আসনগুলোতে লাখ লাখ ডলার খরচ করতে বাধ্য হতে পারে, যেগুলো সহজ জয়ের আসন হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত সেসব আসনে হেরে যাওয়ার সম্ভাবনাও রয়ে গেছে।
নর্থ ক্যারোলাইনার উদাহরণে এই চিত্রটি স্পষ্ট। ২০ অক্টোবর ২০২৬-এ রাজ্যের গ্রিনভিলে এক নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প রাজ্য প্রতিনিধি জেনিফার বালকম ও লরি বাকহাউটকে জড়িয়ে ধরেন। বাকহাউট নর্থ ক্যারোলাইনার ১ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন; আসনটি নতুন করে এঁকে রিপাবলিকানদের পক্ষে ব্যাপকভাবে সাজানো হয়েছিল, অথচ এখন সেটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনে পরিণত হয়েছে।




