…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

বিদেশি অর্থছাড় কমল ৪২ শতাংশ, ঋণ পরিশোধে গেল ১৩৫ কোটি ডলারের বেশি

নিজস্ব প্রতিবেদক
বিদেশি অর্থছাড় কমল ৪২ শতাংশ, ঋণ পরিশোধে গেল ১৩৫ কোটি ডলারের বেশি
ছবি: সংগৃহীত

বিদেশি উন্নয়ন সহায়তার অর্থছাড় কমেছে, বিপরীতে বেড়েছে আগের নেওয়া ঋণ পরিশোধের চাপ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ ও অনুদান মিলিয়ে ৬৬ কোটি ২৩ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ।

গত অর্থবছরের একই সময়ে এই ঋণ ও অনুদান আসার পরিমাণ ছিল ১১৪ কোটি ৮৫ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে অর্থছাড় কমেছে ৪৮ কোটি ৬২ লাখ ডলার, অর্থাৎ ৪২ শতাংশ।

অথচ একই সময়ে পুরোনো ঋণের আসল ও সুদ বাবদ ১৩৫ কোটি ১৩ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে সরকারকে। অর্থাৎ এই তিন মাসে যা এসেছে, তার দ্বিগুণেরও বেশি অর্থ আগের দায় মেটাতে বেরিয়ে গেছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সোমবার প্রকাশিত বৈদেশিক সহায়তাবিষয়ক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, বিদেশি সহায়তার অর্থছাড় কমে যাওয়ার পাশাপাশি ঋণ পরিশোধের পরিমাণও বেড়েছে।

ফলে নতুন অর্থায়ন প্রকল্পে বিনিয়োগ করার তুলনায় পুরোনো দায় মেটাতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।

ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিদেশি ঋণের আসল বাবদ ৮৬ কোটি ডলার এবং সুদ বাবদ প্রায় ৪৯ কোটি ১৩ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ।

সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় এই পরিশোধের পরিমাণ ১৬ হাজার ৬৪৬ কোটি ৪৬ লাখ টাকা।

আগের অর্থবছরের একই সময়ে আসল ও সুদ বাবদ পরিশোধ করা হয়েছিল ১২৭ কোটি ৯৯ লাখ ডলার। সে হিসাবে এক বছরে ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ৭ কোটি ১৪ লাখ ডলার।

অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রকল্প সহায়তা হিসেবে ছাড় হয়েছে ৬৬ কোটি ২৩ লাখ ডলার। এর মধ্যে ঋণ ৫৪ কোটি ১৭ লাখ ডলার এবং অনুদান ১২ কোটি ৫ লাখ ডলার।

আগের অর্থবছরের একই সময়ে প্রকল্প সহায়তার অর্থছাড় ছিল ১১৪ কোটি ৮৫ লাখ ডলার। অর্থাৎ এবার উন্নয়ন প্রকল্পে বিদেশি অর্থায়নের প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমেছে।

অর্থছাড় কমলেও নতুন ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ১২৭ কোটি ৩০ লাখ ডলারের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৯১ কোটি ৬ লাখ ডলার।

নতুন প্রতিশ্রুতির মধ্যে ছিল ঋণ ১১৪ কোটি ৭৫ লাখ ডলার এবং অনুদান ১২ কোটি ৫৪ লাখ ডলার। অর্থাৎ প্রতিশ্রুতি বেড়েছে ৩৬ কোটি ২৪ লাখ ডলার।

তবে বড় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন ঋণের প্রতিশ্রুতি আসেনি। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), চীন, রাশিয়া ও ভারত এই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতি দেয়নি। বড় সহযোগীদের মধ্যে শুধু জাপান ৩৫ লাখ ডলারের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

নতুন প্রতিশ্রুতি না থাকলেও আগের চুক্তির আওতায় অর্থছাড় অব্যাহত রেখেছে কয়েকটি বড় উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা। প্রথম তিন মাসে বিশ্বব্যাংক ছাড় করেছে ১৯ কোটি ৬৫ লাখ ডলার।

এডিবি দিয়েছে ১৬ কোটি ২১ লাখ ডলার। ভারত থেকে এসেছে সাড়ে ১০ কোটি ডলার। এ ছাড়া রাশিয়া ২ কোটি ডলার এবং চীন দেড় কোটি ডলার ছাড় করেছে।

এদিকে খাদ্য সহায়তা হিসেবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ১ কোটি ডলার ছাড় করা হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের সমান। তবে এই খাতে নতুন কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

এক দশকে জাপানে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৩৫ শতাংশ, আমদানি বেড়েছে ১০ শতাংশ
অর্থনীতি ও ব্যবসা

এক দশকে জাপানে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৩৫ শতাংশ, আমদানি বেড়েছে ১০ শতাংশ

জাপান বাংলাদেশের অন্যতম বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বছরে প্রায় সাড়ে ৩০০ কোটি ডলারের। এর মধ্যে জাপানে বাংল…

অর্থনীতি ও ব্যবসা

লুলার পুনর্নির্বাচনের পর ধস ব্রাজিলের মুদ্রায়: রিয়াল কমল ১২ শতাংশ, থামল শেয়ারবাজারের লেনদেন

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার অপ্রত্যাশিত পুনর্নির্বাচনের পর দেশটির মুদ্রা রিয়ালের বড় পতন হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে বেশি ব্যয…

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান: জাপানি বিনিয়োগে এক ট্রিলিয়ন ইয়েনের সম্ভাবনা, সুনির্দিষ্ট ঘোষণা এখনো নেই
অর্থনীতি ও ব্যবসা

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান: জাপানি বিনিয়োগে এক ট্রিলিয়ন ইয়েনের সম্ভাবনা, সুনির্দিষ্ট ঘোষণা এখনো নেই

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৬ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও পৌঁছেছেন। সফরের প্রথম দ…

খান ব্রাদার্সের শেয়ার কারসাজি: তিনজনকে ৪ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করল বিএসইসি, ৩০ দিনে পরিশোধের নির্দেশ
অর্থনীতি ও ব্যবসা

খান ব্রাদার্সের শেয়ার কারসাজি: তিনজনকে ৪ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করল বিএসইসি, ৩০ দিনে পরিশোধের নির্দেশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে তিন ব্যক্তিকে মোট ৪ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করেছে…