চট্টগ্রামে নকশা লঙ্ঘন করে তৈরি চার ভবনের অংশ ভাঙল সিডিএ, সিলগালা দুটি
চট্টগ্রাম নগরে অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে নকশাবহির্ভূতভাবে নির্মিত চারটি ভবনের অংশবিশেষ ভেঙে দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি ভবন সিলগালা করা হয়েছে। এ ছাড়া দুটি ভবনকে সতর্ক করেছে সংস্থাটি।
সোমবার (২৬ অক্টোবর) নগরের খুলশী ও চান্দগাঁও থানা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ছয়টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সিডিএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবনের বিভিন্ন অংশ আংশিকভাবে অপসারণ করা হয়। সংশ্লিষ্ট ভবনমালিকদের কাছ থেকে হলফনামা নেওয়ার পাশাপাশি নির্মাণকাজে বিধিবিধান অনুসরণের বিষয়ে সতর্ক করা হয়েছে।
সতর্ক করা ভবনগুলোর মধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান বাস্কেটও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণ নগরের পরিকল্পিত উন্নয়ন ও নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। ভবনমালিকদের সিডিএর অনুমোদিত নকশা ও প্রযোজ্য বিধিবিধান মেনে নির্মাণকাজ পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, নগরের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে অনুমোদিত নকশার ব্যত্যয় ও নির্মাণসংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।
সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা ও দায়রা জজ হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


