সেভিয়ায় শুরু ‘স্পেন বাংলাদেশ এক্সপো ২০২৬’, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রত্যাশা
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের রাজধানী সেভিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘স্পেন বাংলাদেশ এক্সপো ২০২৬’। বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক অংশীদারত্ব জোরদার করার লক্ষ্যে এই এক্সপোর আয়োজন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসবিসিসিআই) উদ্যোগে এবং মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় সেভিয়ার হোটেল সেভিয়া সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনের শুরুতে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। উদ্বোধনের পর তিনি বাংলাদেশি ও স্প্যানিশ উদ্যোক্তাদের প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান, এনডিসি, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ অনুবিভাগের মহাপরিচালক মো. মোশারফ হোসেন।
বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আয়োজক সংগঠন এসবিসিসিআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মুহাম্মদ আশিকুর রহমান ও মহাসচিব আশিক এলাহী চৌধুরী।
স্পেনের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের কর্মসংস্থান ও ব্যবসাবিষয়ক মন্ত্রী রোসিও ব্লানকো এগুরেন, মাদ্রিদের সিনেটর ও পররাষ্ট্রবিষয়ক কমিটির সভাপতি এন্টোনিও গুতেরেজ লিমনিস, পানামা জেলার উপমেয়র আলবার্ট পিমেন্টাল, সেভিয়া সিটি কাউন্সিলের পরিচালক মানুয়েল পেরেজো গুজমান, আন্দালুসিয়া সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং স্পেনের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা।
উদ্বোধনী অধিবেশনে বক্তারা বলেন, স্পেনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও পাদুকা শিল্পে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধির উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।
এই এক্সপো আন্দালুসিয়া অঞ্চলের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশি ও স্প্যানিশ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ ছাড়া সম্মানিত অতিথিদের স্মারক উপহার দেওয়া হয়।
এক্সপোর অংশ হিসেবে বিকেলে দুই দেশের সম্ভাবনাময় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ জোরদার করতে ‘বিজনেস-টু-বিজনেস’ (বি২বি) বৈঠক অনুষ্ঠিত হয়।
কর্মসূচির দ্বিতীয় দিনে, ২৭ অক্টোবর, প্রতিনিধিদলের আন্দালুসিয়ান পার্লামেন্ট ও সেভিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিদর্শনের কথা রয়েছে। পরবর্তী কর্মসূচি অনুযায়ী, ২৮ অক্টোবর মালাগা চেম্বার অব কমার্সে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে আরেকটি বিশেষ বি২বি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


