চ্যানেল আই স্টুডিওতে ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

গতকাল দুপুর ১২টায় চ্যানেল আই স্টুডিওতে ফজলুল হক স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে। এ বছর পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং পরিচালক মেজবাউর রহমান সুমন।
রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক আবদুর রহমান।
অনুষ্ঠানে ফজলুল হককে নিয়ে স্মৃতিচারণা করেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং প্রযোজক হাবিবুর রহমান খান।
স্মৃতিচারণায় আরও অংশ নেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়িদ শাহজাদা আল কারিমসহ অনেকে।
প্রয়াত ফজলুল হক ছিলেন দেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’-এর সম্পাদক। তিনি বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘সান অব পাকিস্তান’ (প্রেসিডেন্ট)-এর নির্মাতা হিসেবেও পরিচিত।
ফজলুল হকের স্মরণে এই পুরস্কার দেওয়া হচ্ছে ২৩ বছর ধরে। এ বছর সেই ধারাবাহিকতায় চলচ্চিত্র সাংবাদিকতা ও পরিচালনা—দুই ক্ষেত্রের দুজনকে এই সম্মাননা দেওয়া হলো।



