কক্সবাজারে কেস ওয়ার্কার নিচ্ছে ব্র্যাক, সপ্তাহে দুই দিন ছুটি ও বিমাসহ আবেদন ২ নভেম্বর পর্যন্ত
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কেস ওয়ার্কার/ফিল্ড ফ্যাসিলিটেটর পদে কর্মী নেবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৬ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগামী ২ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদটি ব্র্যাকের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, এইচসিএমপি বিভাগের। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা নির্ধারিত নয় বলে উল্লেখ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। এর সঙ্গে উন্নয়ন সংস্থা বা এনজিওতে কাজের দক্ষতা থাকতে হবে এবং প্রার্থীর কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
চাকরির ধরন চুক্তিভিত্তিক এবং কর্মক্ষেত্র অফিসে। নারী ও পুরুষ—উভয় প্রার্থীই এই পদে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি।
নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়ায়।
পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বেতনের বাইরে নির্বাচিত প্রার্থীরা মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটি পাবেন। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

