ভিডিওতে মুখ খুললেন তাশরীফের মা: ছেলে মাসে ২০-৩০ হাজার টাকা দিতেন, স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ

অসুস্থ বাবাকে ভরণপোষণ না দেওয়া ও খোঁজখবর না রাখার অভিযোগে আলোচনায় থাকা ইসলামি বক্তা ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফকে নিয়ে বক্তব্য দিয়েছেন তার মা। ছেলের বিরুদ্ধে স্বামীর করা অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে তাশরীফের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। তাশরীফের মায়ের নাম জানা যায়নি।
ভিডিওতে তিনি বলেন, তাশরীফ তার বাবার ভরণপোষণ করেন না কিংবা খোঁজখবর রাখেন না—এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
তার দাবি, তাশরীফ তার বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহকে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা দিতেন। বাবা-ছেলের মধ্যে সাম্প্রতিক ঝগড়া-বিবাদের কারণে গত দুই থেকে তিন মাস ধরে টাকা দেওয়া বন্ধ রয়েছে বলে তিনি জানান।
তাশরীফের মায়ের অভিযোগ, অন্যদের কথায় প্রভাবিত হয়ে তার স্বামী ছেলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। তার ভাষ্য, ছেলের সাফল্য ও সামাজিক অবস্থান নিয়ে বিভিন্নজনের কথাবার্তা থেকে বাবা-ছেলের মধ্যে বিরোধ আরো বেড়েছে।
ভিডিওতে স্বামীর বিয়ে নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, তিনি সংসারে থাকা অবস্থায় তার স্বামী আরো সাতটি বিয়ে করেছিলেন। পরে তিনি জানতে পেরেছেন, মাওলানা হেদায়েতুল্লাহ মোট ১৭ থেকে ১৮টি বিয়ে করেছেন।
ভিডিওতে করা অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা যায়নি। এ বিষয়ে তাশরীফের বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহর বক্তব্যও পাওয়া যায়নি।




