কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে বাসের ধাক্কায় মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি বালা

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ীতে বাসের ধাক্কায় মেয়ের মৃত্যুর পর এবার গর্ভে থাকা সন্তানসহ মারা গেলেন মা আদুরি বালা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের শ্বশুর দুলাল চন্দ্র মালি এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী বাজারের কাছে বাসের ধাক্কায় নিহত হয় ছয় বছরের শিশু মনিকা মালি। এই ঘটনায় গুরুতর আহত হন তার মা আদুরি বালা (২৩), বাবা অনন্ত মালি (২৬) এবং অটোরিকশার চালক মোজাম্মেল (২৯)।
গুরুতর আহত আদুরি ও অনন্তকে রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আদুরি বালা মারা যান।
সোমবার রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অনন্ত মালি জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে তারা লালমনিরহাটের কুলাঘাট এলাকায় শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি কুড়িগ্রাম সদরের ত্রিমোহনীতে ফিরছিলেন। পথে কাঁঠালবাড়ী এলাকায় পিংকি পরিবহনের ঢাকাগামী বাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
অনন্ত মালির বাবা দুলাল চন্দ্র মালি বলেন, ‘আমার নাতনি কাল রাতে মারা গেছে। বউমা আদুরি বালা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। সে আজ সকালে মারা গেছে। ছেলের অবস্থাও ভালো না। আমাদের সব শেষ হয়ে গেলো। বিচার কার কাছে চাইবো। মামলা করবো কিনা জানি না।’
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




