জাপানি এমপির পোস্টের স্বয়ংক্রিয় অনুবাদে ‘রহমান’ হয়ে গেল ‘হাসিনা’, ছড়াল বিভ্রান্তি

জাপানের পার্লামেন্ট ডায়েটের সদস্য ও সাবেক অর্থ ও বাণিজ্যমন্ত্রী ইয়সুতোশি নিশিমুরা মঙ্গলবার জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তিনি নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে ছবি শেয়ার করে একটি ক্যাপশন দেন।
জাপানি ভাষায় দেওয়া সেই ক্যাপশনে নিশিমুরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক ‘রহমান’কে উল্লেখ করলেও এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে ইংরেজিতে সেটি ‘হাসিনা’ হয়ে যায়।
তবে নিশিমুরার এক্স হ্যান্ডলে শেয়ার করা জাপানি ভাষার মূল ক্যাপশন গুগল ট্রান্সলেটসহ চ্যাটজিপিটি ও জেমিনাইয়ের অনুবাদে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছেন ‘রহমান’।
এই বিভ্রান্তির কারণে অনেকেই এক্স ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটির ইংরেজি অনুবাদের স্ক্রিনশট শেয়ার করছেন। অথচ মূল জাপানি ভাষার পোস্টে জাপানের ওই এমপি ‘প্রধানমন্ত্রী রহমান’ বলেই উল্লেখ করেছেন।
নিজের পোস্টে নিশিমুরা লিখেছেন, তিনি বাংলাদেশের সঙ্গে গঠিত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, যার সভাপতিত্ব করেন তারো আসো।
পোস্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী মানবসম্পদ উন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে জাপানের সহায়তা চেয়েছেন। বাংলাদেশকে ১৭ কোটি জনসংখ্যার একটি উদীয়মান রাষ্ট্র হিসেবে উল্লেখ করে নিশিমুরা লিখেছেন, এটিই প্রথম উদীয়মান দেশ, যার সঙ্গে জাপান একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনে সম্মত হয়েছিল। সম্পর্ক আরও জোরদার করা অব্যাহত রাখার কথাও তিনি পোস্টে জানিয়েছেন।




