বাগদানের ছয় মাসেই ভেঙে গেল ‘ইংলিশ ভিংলিশ’ অভিনেত্রী নাভিকা কোতিয়ার বিয়ে

ভারতীয় অভিনেত্রী নাভিকা কোতিয়ার বিয়ে ভেঙে গেছে বাগদানের ছয় মাসের মাথায়। চলতি বছরের জানুয়ারিতে ব্যবসায়ী মাজেন মোদির সঙ্গে বাগদান সেরেছিলেন ‘ইংলিশ ভিংলিশ’ ছবিখ্যাত এই অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই মাসের প্রথম সপ্তাহেই ভেঙে যায় নাভিকা ও মাজেনের বিয়ে। দুজনের আংটিবদলও হয়ে গিয়েছিল এবং আগামী বছর বিয়ের পরিকল্পনা ছিল এই যুগলের। পারস্পরিক বোঝাপড়ার অভাবকেই এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
এই যুগলের ঘনিষ্ঠ একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক করা হয়েছিল। গত জানুয়ারিতে তাদের ‘গোল ধানা’ অনুষ্ঠান হয় — বাগদান উপলক্ষে আয়োজিত একটি গুজরাটি রীতি। আগামী বছর বিয়ের পরিকল্পনা থাকলেও পরে নানা সমস্যা দেখা দিতে শুরু করে।
ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, দুজন বুঝতে পারেন তাঁদের মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে, তাই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। সূত্রটি আরও জানায়, এই বিচ্ছেদকে ঘিরে কোনো তিক্ততা নেই এবং দুজনেই নিজেদের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছেন।
নাভিকা ও মাজেনের প্রথম পরিচয় হয়েছিল এক বন্ধুর মাধ্যমে। পরবর্তীতে মাজেনের বাবা-মায়ের সঙ্গে দু-একবার দেখা হওয়ার পরই পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়টি তোলা হয়। পরিবারের ইচ্ছাতেই বিয়েতে সম্মতি জানিয়েছিলেন নাভিকা।
২০২৫ সালের নভেম্বরে ছোট আকারে তাঁদের ‘রোকা’ অনুষ্ঠান হয়। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন এই যুগল। পারিবারিক আয়োজনে হওয়া বাগদানে মাজেন ফিল্মি স্টাইলে নাভিকার অনামিকায় আংটি পরিয়ে দিয়েছিলেন।
বিয়ে ভাঙার বিষয়ে নাভিকা নিজে এখনো কোনো মন্তব্য করেননি। প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে তিনি এখনো নীরবতা বজায় রেখেছেন।
নাভিকা কোতিয়া বলিউডে পরিচিতি পান শ্রীদেবী অভিনীত জনপ্রিয় ছবি ‘ইংলিশ ভিংলিশ’-এ শ্রীদেবীর কন্যার চরিত্রে অভিনয় করে। এছাড়া জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কহেলাতা হ্যায়’-তে অভিনয় করে টেলিভিশন দুনিয়ায়ও তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। বেশ কিছু তামিল ও তেলেগু ছবিতেও অভিনয় করেছেন তিনি।




