…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

বাবা সাইফ কখনো তদবির করেননি, ফিল্মফেয়ারকে বললেন সারা আলী খান

নিজস্ব প্রতিবেদক
বাবা সাইফ কখনো তদবির করেননি, ফিল্মফেয়ারকে বললেন সারা আলী খান
ছবি: সংগৃহীত

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বিতর্কের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী সারা আলী খান। তিনি স্বীকার করেছেন, তারকা পরিবারের সন্তান হওয়ায় ক্যারিয়ারের শুরুতে কিছু সুবিধা পেয়েছেন তিনি। তবে বাবা সাইফ আলী খান তার সিনেমায় সুযোগ পাওয়ার জন্য নির্মাতাদের কাছে তদবির করেননি, এমনকি চুক্তি নিয়েও দর-কষাকষি করেননি বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে সারা বলেন, তারকা পরিবারের সন্তান হওয়ার কারণে তার সামনে কিছু দরজা খুলেছে, এ কথা অস্বীকার করার কোনো কারণ নেই। তার ভাষ্য, “আমি এতটা সরল বা বাস্তবতা সম্পর্কে এতটা অজ্ঞ নই যে স্বীকার করব না, এ পরিচয় আমার জন্য অনেক দরজা খুলে দিয়েছে। এটি আমাকে সুযোগ দিয়েছে। পরিচিতি ও খ্যাতি এনে দিয়েছে, এমনকি অভিনেত্রী হওয়ার আগেও হয়তো।”

চলতি বছর মুদাসসার আজিজের রোমান্টিক কমেডি ‘পতি পত্নী অউর ওহ দো’ এবং আকাশ কৌশিকের স্পাই কমেডি ‘উড়তা তীর’ সিনেমায় অভিনয় করেছেন সারা। দুটি সিনেমাতেই তার সহশিল্পী আয়ুষ্মান খুরানা। অভিনয় জীবনের আট বছর পার হলেও স্বজনপ্রীতির সুবিধা নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়েকে।

সুবিধার পাশাপাশি অতিরিক্ত সমালোচনার বিষয়টিও তুলে ধরেছেন সারা। তিনি বলেন, “তা সত্ত্বেও কখনো কখনো আমার মনে হয়, আমাদের কাছে প্রত্যাশার মাত্রাটা অনেক বেশি। মানুষের কাছে স্বজনপ্রীতি এখন শুধু একটি নেতিবাচক শব্দে পরিণত হয়েছে। আমার যেটা ভালো লাগে না, তা হলো—এটি একজনের নিজের পরিশ্রমকে আড়াল করে দেয়।”

একই ধরনের সমালোচনার মুখে থাকা সমসাময়িক অভিনেত্রী জাহ্নবী কাপুর ও অনন্যা পান্ডের পক্ষেও কথা বলেছেন সারা। জাহ্নবী প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের মেয়ে, অনন্যার বাবা অভিনেতা চাঙ্কি পান্ডে। সারা বলেন, “জাহ্নবী, অনন্যা কিংবা আমি—আমরা কে কার ঘরে জন্ম নেব, তা নিজেরা বেছে নিইনি। আমরা শুধু সৌভাগ্যবান ছিলাম। যে বিষয়টি আমাদের দোষ নয়, তার জন্য আমাদের শাস্তি পাওয়াটা ন্যায্য বলে মনে করি না।”

সারা আরও বলেন, “আমরা কি বাড়তি সুবিধা পাই? হ্যাঁ, অবশ্যই পাই। এমন একটি অভিষেকের সুযোগ আমাদের দেওয়া হয়েছিল, যেটি পাওয়ার আকাঙ্ক্ষা অনেকেরই থাকে। কিন্তু ক্যারিয়ারের আট বছর পার হওয়ার পরও যদি আমাকে বিষয়টি ব্যাখ্যা করে যেতে হয়, তাহলে এর দায়ভার শুধু আমার ওপর থাকা উচিত বলে মনে করি না।”

সিনেমায় অভিষেকের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন সারা। অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ মুক্তির চার মাসেরও কম সময় আগে ইনস্টাগ্রামে যুক্ত হন তিনি। এরপর মাত্র ২৪ ঘণ্টায় তার অনুসারীর সংখ্যা দুই লাখ ৪৬ হাজার ছাড়িয়ে যায়। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হয় তার।

পারিবারিক পরিস্থিতির প্রসঙ্গও তুলে ধরেন অভিনেত্রী। সাইফ আলী খান ও অমৃতা সিং ২০০৪ সালে আলাদা হয়ে যান, তখন সারার বয়স ছিল মাত্র নয় বছর। এরপর মূলত মা অমৃতা সিংয়ের সঙ্গেই বেড়ে উঠেছেন তিনি। সারা বলেন, “আমি একক মায়ের সঙ্গে থাকি। আমার এমন কোনো বাবা ছিলেন না, যিনি বিভিন্ন অফিসে গিয়ে আমার চুক্তি নিয়ে দর-কষাকষি করেছেন কিংবা আমাকে তাদের সিনেমায় নেওয়ার জন্য মানুষের কাছে অনুরোধ করেছেন। ‘কেদারনাথ’ নিয়ে যখন সমস্যা হয়েছিল, তখন আমি নিজেই সেটি সামলাচ্ছিলাম। আমার সঙ্গে কেউ ছিল না। বিষয়টি দুই দিক থেকেই প্রভাব ফেলে। কারণ, ইন্ডাস্ট্রিতে আমার কোনো গডফাদারই ছিল না।”

‘কেদারনাথ’ নির্মাণের সময় শুটিংয়ে বিলম্ব হওয়ায় সারা আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। এ ঘটনায় ‘কেদারনাথ’-এর নির্মাতারা তার বিরুদ্ধে পাঁচ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেন। পরে বিষয়টি আদালতের বাইরে মীমাংসা হয়। পরিচালক রোহিত শেঠি তার পুলিশি অ্যাকশনধর্মী সিনেমা ‘সিম্বা’ থেকে সারাকে সময় বের করে দেন, যাতে তিনি ‘কেদারনাথ’-এর শুটিং শেষ করতে পারেন।

এই বিরোধ মেটানোর পেছনে বাবা সাইফ আলী খানের কোনো ভূমিকা ছিল—এমন প্রতিবেদনের বিপরীতে সারা স্পষ্ট করেছেন, বিষয়টি তিনি নিজেই সামলেছিলেন। তার দাবি, ক্যারিয়ারের শুরুতে তারকা পরিবারের পরিচিতি সুবিধা এনে দিলেও সব পরিস্থিতিতে বাবার সহায়তা তিনি পাননি।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলা: ১৫টির বেশি ক্যাম্পাসে প্রতিযোগিতা, সেরা তিনটিতে কনসার্ট

বাংলা গানের জনপ্রিয় ফিউশন প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’ এবার স্টুডিওর বাইরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছে। ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ শীর্…

মা মরিয়ম বেগমকে হারালেন চিত্রনায়িকা পপি, খুলনায় হবে দ্বিতীয় জানাজা ও দাফন
বিনোদন

মা মরিয়ম বেগমকে হারালেন চিত্রনায়িকা পপি, খুলনায় হবে দ্বিতীয় জানাজা ও দাফন

মা হারালেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। তাঁর মা মরিয়ম বেগম মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় রাজধানীর একটি হাসপ…

বাগদানের ছয় মাসেই ভেঙে গেল ‘ইংলিশ ভিংলিশ’ অভিনেত্রী নাভিকা কোতিয়ার বিয়ে
বিনোদন

বাগদানের ছয় মাসেই ভেঙে গেল ‘ইংলিশ ভিংলিশ’ অভিনেত্রী নাভিকা কোতিয়ার বিয়ে

ভারতীয় অভিনেত্রী নাভিকা কোতিয়ার বিয়ে ভেঙে গেছে বাগদানের ছয় মাসের মাথায়। চলতি বছরের জানুয়ারিতে ব্যবসায়ী মাজেন মোদির সঙ্গে বাগদান সেরেছিলেন ‘ইংলি…

বিশেষ প্রদর্শনীতে রাজকে নিয়ে হাজির শুভশ্রী, ‘দেশু৭’ নিয়ে প্রশংসায় দেব
বিনোদন

বিশেষ প্রদর্শনীতে রাজকে নিয়ে হাজির শুভশ্রী, ‘দেশু৭’ নিয়ে প্রশংসায় দেব

দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত আলোচিত সিনেমা ‘দেশু৭’ নিয়ে দক্ষিণ কলকাতার একটি ঐতিহ্যবাহী থিয়েটারে বিশেষ প্রদর্শনী হয়েছে। সেই প্রদর্শনীতে স্বামী পরিচ…