বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলা: ১৫টির বেশি ক্যাম্পাসে প্রতিযোগিতা, সেরা তিনটিতে কনসার্ট
বাংলা গানের জনপ্রিয় ফিউশন প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’ এবার স্টুডিওর বাইরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছে। ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় থাকছে বিশেষ প্রতিযোগিতা ও কনসার্ট।
প্রতিযোগিতাটি শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে। পর্যায়ক্রমে এটি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পৌঁছাবে।
২৬ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, ভোটিং এবং ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবেন।
প্রতিযোগিতায় সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে কোক স্টুডিও বাংলার বিশেষ কনসার্ট।
কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, অংশ নিতে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসের ক্যান্টিন থেকে কোকা-কোলা, স্প্রাইট বা ফ্যান্টা কিনলে একটি স্ক্র্যাচ কার্ড মিলবে, যেখানে থাকবে একটি ইউনিক কোড। ক্যাম্পেইনের মাইক্রোসাইটে সেই কোড ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের জন্য ভোট দিতে পারবেন।
প্রতিযোগিতার অগ্রগতি দেখার জন্য থাকবে একটি লাইভ লিডারবোর্ড। সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নিজেদের ক্যাম্পাসে একটি করে বিশেষ কনসার্ট আয়োজনের সুযোগ পাবে।
ভোটের পাশাপাশি ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফর্মার’ আয়োজনে শিক্ষার্থীরা নিজেদের সংগীত প্রতিভা তুলে ধরতে পারবেন। ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার ডেডিকেটেড রেকর্ডিং স্টুডিও কিয়স্কে গিয়ে যেকোনো গানের কভার পারফরম্যান্স রেকর্ড করা যাবে।
সেই রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কোক স্টুডিও বাংলাকে ট্যাগ করতে হবে এবং ক্যাম্পেইনের ওয়েবসাইটে ভিডিওর লিংক জমা দিতে হবে। বিজয়ী প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সেরা পারফরম্যান্স ও সর্বোচ্চ সামাজিক যোগাযোগমাধ্যম এনগেজমেন্ট অর্জনকারী শিক্ষার্থী ক্যাম্পাস কনসার্টে গান গাওয়ার সুযোগ পাবেন।
কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর লায়লা ফারজানা বলেন, “‘কোক স্টুডিও বাংলা’ সবসময়ই সংগীতের মাধ্যমে মানুষকে একত্রিত করেছে এবং প্রতিভাকে উদযাপন করে এসেছে। ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’-এর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতাকে তরুণদের আরও কাছে নিয়ে যেতে চাই এবং তাদের নিজেদের মতো করে এই অভিজ্ঞতার অংশগ্রহণের সুযোগ দিতে চাই।”
২০২২ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে ‘কোক স্টুডিও’। ইউটিউবে প্ল্যাটফর্মটির সাবস্ক্রাইবার ছাড়িয়েছে ৪০ লাখ এবং তাদের গানের ভিউ পেরিয়েছে ৭৫ কোটি।



