…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিরুলের উদ্ভাবন: নাকের ইশারায় চলবে স্মার্ট হুইলচেয়ার

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিরুলের উদ্ভাবন: নাকের ইশারায় চলবে স্মার্ট হুইলচেয়ার
ছবি: সংগৃহীত

নাক ও মুখের ইশারায় হুইলচেয়ার নিয়ন্ত্রণের প্রযুক্তি তৈরি করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিরুল ভূঁইয়া। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৪তম আবর্তনের এই শিক্ষার্থীর তৈরি স্মার্ট হুইলচেয়ারে রয়েছে স্বাস্থ্য পর্যবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থাও।

চাচার অসহায়ত্ব কাছ থেকে দেখেই হাতের শক্তি ছাড়াই চলাচলের উপায় খুঁজতে শুরু করেন শাকিরুল। ডায়াবেটিস ও পায়ের পক্ষাঘাতের কারণে তাঁর চাচা চলাচল করতে পারতেন না। সামান্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও নির্ভর করতে হতো পরিবারের সদস্যদের ওপর।

শাকিরুল বলেন, “আমার চাচা অসুস্থ ছিলেন। ডায়াবেটিসের পাশাপাশি তার পা প্যারালাইজড ছিল। তিনি চলাচল করতে পারতেন না। সামান্য চলাচলের জন্যও পরিবারের সদস্যদের ওপর নির্ভর করতে হতো। এতে পরিবারের সদস্যদের যেমন ভোগান্তি হতো, তেমনি তিনিও অনেক কষ্ট পেতেন। বিষয়টি কাছ থেকে দেখে আমার মনে হয়েছে, স্যারের ধারণা নিয়ে কাজ করতে পারলে এ ধরনের মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব।”

বিশেষ করে পক্ষাঘাতগ্রস্ত এবং হাত দিয়ে হুইলচেয়ার চালাতে অক্ষম ব্যক্তিদের কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছে এই স্মার্ট হুইলচেয়ার। এতে হাতের পরিবর্তে মুখ ও নাকের নড়াচড়ার মাধ্যমে হুইলচেয়ার চালানো যাবে।

হুইলচেয়ারটি পরিচালনার জন্য পাইথন প্রোগ্রামিং ভাষায় তৈরি সফটওয়্যারটি ল্যাপটপের ওয়েবক্যামের সাহায্যে ব্যবহারকারীর মুখ শনাক্ত করে। মুখ হা করলেই সক্রিয় হয় সিস্টেমটি। এরপর স্ক্রিনে নাকের চারপাশে একটি আয়তাকার বক্স তৈরি হয়। নাক ওপরে নিলে হুইলচেয়ারটি সামনে, নিচে নিলে পেছনে এবং ডানে-বাঁয়ে সরালে সংশ্লিষ্ট দিকে চলে। আর নাক বক্সের ভেতরে রাখলে হুইলচেয়ারটি থেমে যায়।

শাকিরুল বলেন, “আমরা এমনভাবে প্রোগ্রামটি তৈরি করেছি, যাতে ব্যবহারকারী হাতের কোনো শক্তি ছাড়াই শুধু নাকের ইশারায় হুইলচেয়ার চালাতে পারেন। মুখ হা করলে সিস্টেমটি অ্যাকটিভ হয়। এরপর নাকের অবস্থান পরিবর্তনের মাধ্যমে হুইলচেয়ারটি নিয়ন্ত্রণ করা যায়।”

স্মার্ট হুইলচেয়ারটিতে যুক্ত করা হয়েছে স্বাস্থ্য পর্যবেক্ষণব্যবস্থা। এর মাধ্যমে ব্যবহারকারীর হার্ট রেট, পালস রেট ও শরীরের তাপমাত্রা পরিমাপ করা যায়।

নিরাপত্তার জন্য হুইলচেয়ার নিয়ন্ত্রণের আয়তাকার বক্সের বাইরে রাখা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাসীমা বা ‘সেফটি বাউন্ডারি’। ব্যবহারকারী হঠাৎ মাথা ঘোরালে কিংবা কারও সঙ্গে কথা বলার সময় নাকের অবস্থান ওই সীমানার বাইরে চলে গেলে হুইলচেয়ারটি স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে।

পাশাপাশি হুইলচেয়ারের চারদিকে সংযুক্ত করা হয়েছে ছয়টি আলট্রাসনিক সেন্সর। চলার পথে কোনো প্রতিবন্ধকতা ২০ সেন্টিমিটারের মধ্যে চলে এলে সেন্সরগুলো হুইলচেয়ারটি স্বয়ংক্রিয়ভাবে থামিয়ে দেবে।

পরবর্তী ধাপে ল্যাপটপের পরিবর্তে রাস্পবেরি পাই ব্যবহার করে স্বয়ংসম্পূর্ণ নিয়ন্ত্রণব্যবস্থা তৈরির পরিকল্পনা রয়েছে। এতে ক্যামেরার পাশাপাশি একটি ডিসপ্লে থাকবে, যেখানে ব্যবহারকারী হুইলচেয়ারের গতিবিধি ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দেখতে পারবেন।

উদ্ভাবনটির উন্নয়নকাজে বাজেটের ঘাটতি, অর্থ ছাড়ে দীর্ঘসূত্রতা এবং পর্যাপ্ত গবেষণাগার ও যন্ত্রপাতির অভাবের মুখোমুখি হতে হয়েছে শাকিরুলকে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দ মিললেও টেন্ডার প্রক্রিয়ার জটিলতায় প্রয়োজনীয় সরঞ্জাম পেতে অনেক সময় লেগে যায়। সম্প্রতি সুপারভাইজার ও এনএসসি ফেলোশিপপ্রাপ্ত এক সিনিয়র গবেষকের অর্থায়নে কিছু সরঞ্জাম কেনা সম্ভব হয়েছে। পর্যাপ্ত ল্যাব স্পেস ও যন্ত্রপাতির অভাবে সুপারভাইজারের ব্যক্তিগত কক্ষেই গবেষণা চালাতে হচ্ছে বলেও জানান তিনি।

গবেষণা প্রকল্পটির সুপারভাইজার, প্রকৌশল অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ইন্টারেক্টিভ সিস্টেমস অ্যান্ড কম্পিউটার ভিশন’ ল্যাব থেকে ২০২৩ সালে আমাদের এই গবেষণার যাত্রা শুরু হয়। বিভাগের এক প্রাক্তন শিক্ষার্থী প্রথমে খেলনা গাড়িতে প্রযুক্তিটির প্রোটোটাইপ তৈরি করেন। পরবর্তীতে বর্তমান শিক্ষার্থী শাকিরুল এটি বাস্তব হুইলচেয়ারে সফলভাবে প্রয়োগ করেন।”

শিক্ষা বিভাগের আরও খবর

গোপালগঞ্জে দুই ছাত্রী হলে ভোরে চুরির অভিযোগ, দেয়াল ও নিরাপত্তা জোরদারের উদ্যোগ
শিক্ষা

গোপালগঞ্জে দুই ছাত্রী হলে ভোরে চুরির অভিযোগ, দেয়াল ও নিরাপত্তা জোরদারের উদ্যোগ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ছাত্রীদের দুটি আবাসিক হল বনলতা ও অপরাজিতায় চুরির অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়…

নোবিপ্রবির সদ্য স্নাতকদের পরামর্শ: প্রথম বর্ষ থেকেই দক্ষতা আর প্রস্তুতি
শিক্ষা

নোবিপ্রবির সদ্য স্নাতকদের পরামর্শ: প্রথম বর্ষ থেকেই দক্ষতা আর প্রস্তুতি

বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ অনেকের কাছে নতুন বন্ধু, আড্ডা আর স্বাধীনতা উপভোগের সময়। তবে সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীদের অভিজ্ঞতা বলছে, এই সময়…

শিক্ষা

৩৬ দিন পর চুয়েটে এক বিভাগে ক্লাস শুরু, বাকি ১১ বিভাগে হয়নি

দীর্ঘ ৩৬ দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আংশিকভাবে অ্যাকাডেমিক কার্যক্রম ফিরেছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯…

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুর নিরাপত্তা: ২০২৫ সালে নথিভুক্ত ১ হাজার ২৪টি সহিংসতার ঘটনা, কথা বলার পরিবেশ তৈরির তাগিদ
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুর নিরাপত্তা: ২০২৫ সালে নথিভুক্ত ১ হাজার ২৪টি সহিংসতার ঘটনা, কথা বলার পরিবেশ তৈরির তাগিদ

সন্তান স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় পড়ছে, শিক্ষকের কাছে শিখছে কিংবা বিশ্ববিদ্যালয়ে নিজের ভবিষ্যৎ গড়ছে—অভিভাবকেরা চান প্রতিটি জায়গায় সে নিরাপদ থাকুক।…