চুয়াডাঙ্গায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও রোডশো, জেলা প্রশাসকের নেতৃত্বে মতবিনিময়

‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও রোডশো হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের চৌরাস্তার মোড়ের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজক ছিল বাংলাদেশ জাতীয় নিরাপদ সড়ক ও বেসরকারি সংস্থা নিরাপদ সড়ক চাই (নিসচা) বাংলাদেশ।
কর্মসূচিতে অংশ নিয়ে পায়ে হেঁটে শহর প্রদক্ষিণ করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার ও পৌর প্রশাসক শারমিন আক্তার। তাঁদের সঙ্গে ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার নেতা ও সদস্যরা।
মানববন্ধন শেষে শহীদ হাসান চত্বর থেকে রোডশো বের হয়। রোডশোটি কবরী রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত যায়।
পরে জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সভার উদ্দেশ্য ছিল নিরাপদ সড়ক নিশ্চিত করা।
সভায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির হার কমিয়ে আনার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়। সড়কে যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ, বেপরোয়া গতিতে যানবাহন না চালানো এবং সড়কের এক পাশে অতিরিক্ত যানবাহন চলাচল ও জমায়েত নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়।
আলোচিত পদক্ষেপগুলো বাস্তবায়নের লক্ষ্যে সভায় প্রয়োজনীয় সিদ্ধান্তও নেওয়া হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আয়োজকদের প্রত্যাশা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব হবে।


