কাঁচপুরে বাস-ট্রাক সংঘর্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও চার বছরের ছেলে নিহত, আহত তিনজন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওডালা বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও তাঁর চার বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁদের সঙ্গে থাকা আরও তিনজন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন শফিকুল ইসলাম (৩৫) ও তাঁর ছেলে বিপুল সরকার (৪)। শফিকুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের কাটিহারা মধ্যপাড়া গ্রামের সিরাজুল সরদারের ছেলে।
ঘটনার সময় শফিকুল ইসলাম মহাসড়ক পারাপারের জন্য পরিবার নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করছিলেন, তাঁর কোলে ছিল চার বছর বয়সী ছেলে বিপুল। এ সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে সোমা পরিবহন নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং তাঁরা দুর্ঘটনার শিকার হন। বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় শফিকুলের স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে গুরুতর আহত হন। তাঁদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘাগোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আফিলউদ্দিন মন্ডল জানান, শফিকুল তাঁর দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মদনপুরের একটি ইটভাটায় কাজে যাওয়ার জন্য আগের রাতে গাইবান্ধা থেকে রওনা হন। ভোরে কাঁচপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার জন্য পরিবারসহ অপেক্ষা করার সময় দুর্ঘটনাটি ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, সিমেন্ট বোঝাই ট্রাকটি পালিয়ে গেলেও সোমা পরিবহনের বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


