লালমনিরহাটের পাটগ্রামে গৃহবধূ শিরিনকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী শাহীন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শিরিন আক্তার শীলা (২৫) নামের দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যার মামলায় তার স্বামী তুষার হোসেন শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকালে গ্রেপ্তার আসামিকে পুলিশ পাহারায় লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাতে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) বিকেলে খেলা দেখার কথা বলে শাহীনের বাইরে যেতে চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীন শিরিনের গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে শিরিন নিস্তেজ হয়ে পড়লে শাহীন পালিয়ে যান।
পরে ওই দিন সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী এলাকায় শাহীনের বাড়ি থেকে শিরিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত শিরিন জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তার ছয় বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় সাত বছর আগে শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী এলাকার সহিদার রহমানের ছেলে শাহীনের সঙ্গে শিরিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শাহীন শিরিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও বলা হয়েছে, শাহীন নেশায় আসক্ত ছিলেন।
ওসি সাইফুল ইসলাম বলেন, স্ত্রীকে হত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্ত গৃহবধূর স্বামী তুষার হোসেন শাহীনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।




