লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দলনেতা জুয়েলকে মারধরের মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা শাহেদ গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দলনেতা জুয়েল হোসেন নিরবকে পেটানোর ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে উত্তর তেমুহনী থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের ছেলে। তিনি দালালবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ওই কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।
ভুক্তভোগী জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এবং সাহাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।
জানা গেছে, জুয়েলকে পেটানোর ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শাহেদকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়। একই দিন রাতে জুয়েলের বাবা শাহজাহান বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় শাহেদসহ ১১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, মোবাইল বেচাকেনা নিয়ে জুয়েল ও শাহেদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় রবিবার রাতে সাহাপুর এলাকায় বৈঠক হয়। সেখানে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুয়েলের ওপর হামলা করে এবং লাঠি দিয়ে তাকে পেটানো হয় বলে এজাহারে বলা হয়েছে।
এজাহার অনুযায়ী, সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে জুয়েল সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য গেলে শাহেদের নেতৃত্বে তার ওপর ফের হামলা হয়। এ সময় অভিযুক্তরা হাসপাতালের আসবাবপত্রও ভাঙচুর করে বলে উল্লেখ করা হয়েছে। পরে জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।




