চলতি শিক্ষাবর্ষেই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি শুরু করতে চায় বগুড়া বিশ্ববিদ্যালয়, নয়টি বিভাগের প্রস্তাব ইউজিসিতে

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করতে চায় বগুড়া বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে নয়টি বিভাগ চালুর প্রস্তাব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান। বগুড়ার সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে প্রথমবারের মতো মতবিনিময়ের জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, ২০০১ সালে পাস হওয়া আইনের সঙ্গে বর্তমান আইনের প্রায় ৯৯ শতাংশ পার্থক্য রয়েছে। গত ১৬ জুলাই নতুন আইনের গেজেট অনুমোদন ও ১৯ জুলাই বাস্তবায়নের পর গত আড়াই মাসে একাডেমিক ও প্রশাসনিক যাবতীয় প্রস্তুতি পুরোদমে সম্পন্ন করা হয়েছে।
কাজের সুবিধার্থে জরুরি ভিত্তিতে ১১ জন চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হয়েছে বলেও উপাচার্য জানান।
তিনি আরও জানান, চাকরির বাজারে দক্ষ জনশক্তি গড়ার বিষয়টি বিবেচনায় রেখে প্রাথমিক পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, কম্পিউটার সায়েন্স ও ফিনটেকসহ নয়টি যুগোপযোগী বিভাগ খোলার প্রস্তাব ইউজিসির কাছে তুলে ধরা হয়েছে।
মঞ্জুরি কমিশনের চূড়ান্ত অনুমোদন পেলে আগামী মার্চের নির্ধারিত গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে বলে উপাচার্য জানান।
এ সময় শিক্ষক নিয়োগের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন উপাচার্য। তিনি ওয়াদা করেন, স্বজনপ্রীতি বা সুপারিশের ভিত্তিতে নয়, কেবল মেধার ভিত্তিতেই স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক নেতারা দীর্ঘদিনের বঞ্চনার কথা স্মরণ করেন। তারা নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চিত করা, স্থায়ী ক্যাম্পাসের পরিবেশ ও আঞ্চলিক চাহিদার প্রতিফলন রাখা এবং আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।




