জ্বালানির বাড়তি খরচে বিশ্বভ্রমণ থামল, কম্বোডিয়ায় আটকা বিলাসবহুল জাহাজের যাত্রীরা

বছরের পর বছর ধরে বিশ্বভ্রমণের পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করা একটি বিলাসবহুল ক্রুজ জাহাজ জ্বালানির অস্বাভাবিক বেশি দামের কারণে কার্যক্রম স্থগিত করেছে। এমভি ওডিসি নামের জাহাজটি এখন কম্বোডিয়ায় আটকে আছে এবং এর যাত্রীরা সেখানে আটকা পড়েছেন।
কম্বোডিয়ার কর্মকর্তারা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, জাহাজটিতে ২০৩ জন যাত্রী ছিলেন, যাঁদের বেশিরভাগই আমেরিকান, এবং ছিলেন ১৫৬ জন ক্রু সদস্য। জাহাজটির যাত্রী ধারণক্ষমতা ৬৫০ জন।
জাহাজটি পরিচালনা করে ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ভিলা ভি ওডিসি। প্রতিষ্ঠানটি বলেছে, যাত্রীদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা আয়োজনে তারা কাজ করছে।
এমভি ওডিসি ২০২৪ সালের অক্টোবরে বেলফাস্ট থেকে যাত্রা শুরু করেছিল। যাত্রাটিকে বিশ্বজুড়ে একটি ধারাবাহিক ভ্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছিল।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানি খরচের অসাধারণ বৃদ্ধি তাদের বর্তমান পরিচালন মডেলকে টেকসই নয় এমন আর্থিক চাপের মুখে ফেলেছে। বিবৃতিতে আরও বলা হয়, যাত্রীদের জাহাজ থেকে নামানো ও অস্থায়ী থাকার ব্যবস্থার সমন্বয়ে তারা কাজ করছে এবং আগামী ৬০ দিনে পুনর্গঠন ও পুনঃপুঁজিকরণের বিকল্পগুলো মূল্যায়নের সময় যাত্রী, ক্রু ও কর্মীদের সহায়তা দিচ্ছে।
জাহাজটি এখন থাইল্যান্ড উপসাগরের কম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে নোঙর করা আছে। এর ছেড়ে যাওয়ার তারিখ এখনো স্পষ্ট নয়।
চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, এশিয়ার কিছু অংশে প্রতি কেবিনে মাসিক জ্বালানি খরচ ১ হাজার ৮০০ ডলার থেকে বেড়ে ৮ হাজার ডলার পর্যন্ত পৌঁছেছে।
বিশ্বের তেলের বড় অংশ পরিবহনকারী হরমুজ প্রণালী যুদ্ধ শুরুর দিন ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যত বন্ধ রয়েছে। এ মাসে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৭ ডলারের ওপরে উঠেছে।
জাহাজের একজন আবাসিক যাত্রী র্যান্ডি ক্যাসিংহাম একটি ব্লগ পোস্টে লিখেছেন, সোমবার সকালে প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জাহাজের মেসেজ বোর্ডে একটি নোট পোস্ট করার পরই তিনি ভ্রমণ বাতিলের কথা জানতে পারেন। তিনি লিখেছেন, বিষয়টি হঠাৎ আসেনি; ব্যবসায়িক মডেল থেকে ব্যবস্থাপনার ভুল এবং জ্বালানি খরচ ও প্রাপ্যতার সংকটসহ একের পর এক সমস্যা জমছিল বলে তাঁরা জানতেন।
জাহাজের আরেক আবাসিক যাত্রী, ৫৯ বছর বয়সী পামেলা রেকক্যাম্প এনবিসি নিউজকে বলেছেন, গত মাসে জাহাজে প্রতিষ্ঠানের কর্মকর্তারা একটি বৈঠকে কেবিন মালিকদের কাছে ১০ লাখ ডলার তুলতে সাহায্য চেয়েছিলেন, যাতে জাহাজটি ভিয়েতনামের হা লং বে থেকে ছাড়তে পারে। রেকক্যাম্পের ভাষ্যে, ওই কর্মকর্তা বলেছিলেন, এই অর্থ না পেলে জাহাজ প্রায় চার দিন চলবে, তারপর আলো ও এসি বন্ধ হয়ে যাবে।
৬৯ বছর বয়সী ক্যারল লারসন তাঁর বোন ৭২ বছর বয়সী ক্রিস্টাল ল্যাভারিংয়ের সঙ্গে ১৮ মাস ধরে জাহাজে বসবাস করেছেন। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা লারসন অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, তিনি আশা করছেন ভ্রমণটি এখনো রক্ষা করা যাবে, কারণ সমুদ্রে বসবাসের সিদ্ধান্ত তাঁর স্বাস্থ্যের উন্নতি করেছে।
লারসন জানিয়েছেন, তিনি কিস্তিতে ১ লাখ ২০ হাজার ডলার দিয়ে তাঁর কেবিন কিনেছিলেন, সঙ্গে ছিল অতিরিক্ত মাসিক রক্ষণাবেক্ষণ ফি। এই কর্মসূচিতে তাঁর সর্বোচ্চ ১৫ বছর জাহাজে বসবাসের বিকল্প ছিল।
লারসন জাহাজের সমস্যা ও স্থগিত ভ্রমণের জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন, কারণ ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সমস্যা সত্ত্বেও তিনি বলেছেন, এই বিনিয়োগ নিয়ে তাঁর কোনো আফসোস নেই। তাঁর ভাষ্যে, এটি একটি স্টার্টআপ প্রতিষ্ঠান হওয়ায় তিনি জানতেন এটি ঝুঁকি ছিল; প্রথম দিন থেকেই তিনি ভেবেছিলেন, এটি এক বছর চললেই তিনি মনে করবেন তাঁর অর্থের মূল্য তিনি পেয়েছেন, এবং তিনি এখনো তেমনটাই মনে করেন। আবাসিক ক্রুজিংয়ের এই পরীক্ষার অংশ হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন।




